‘আমাদের মাথার ওপর ইটভাটার চুল্লি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমাদের মাথার ওপর জ্বলছে ইটভাটার চুল্লি। কালো ধোঁয়া, ট্রাকের আওয়াজ আর ধুলাবালুর কারণে অনেক সমস্যা হয়। অনেক সময় বমি বমি ভাব হয়। এ জন্য বিদ্যালয়ে ঠিকমতো লেখাপড়াও করতে পারি না।’ গতকাল শুক্রবার বান্দরবানের গুংগুরু পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী হ্লামেচিং খিয়াং ও ছাত্র ইদ্রিস মিয়া তাদের বিদ্যালয় প্রাঙ্গণে ইটভাটা নিয়ে এভাবে সংকটের কথা তুলে ধরেছে। তারা এবিসি নামের বিদ্যালয় প্রাঙ্গণের ওই ইটভাটা বন্ধের দাবিতে বান্দরবান প্রেসক্লাব চত্বরে মানববন্ধন করতে এসেছিল। বেলা ১১টায় বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও গুংগুরু এলাকাবাসী মানববন্ধনের আয়োজন করে। এতে জেলা সদরের প্রায় ১০ কিলোমিটার দূরে গুংগুরু খিয়াংপাড়া ও আশপাশের এলাকা থেকে ছাত্র-ছাত্রী, শিক্ষক ও এলাকার লোকজন অংশগ্রহণ করেন। এ সময় পার্বত্য চট্টগ্রাম বন ও ভূমি অধিকার সংরক্ষণ আন্দোলন ও নাগরিক কমিটি তাঁদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন গুংগুরু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মংহ্লাপ্রু খিয়াং, খিয়াং ছাত্র কাউন্সিলের সভাপতি হ্লাঅং খিয়াং, বন ও ভূমি সংরক্ষণ আন্দোলনের জেলা সভাপতি জুয়ামলিয়ান আমলাই বম, নাগরিক কমিটির জেলা সাধারণ সম্পাদক অংচ মং মারমা প্রমুখ।বক্তারা বলেছেন, বিদ্যালয় প্রাঙ্গণে অবৈধভাবে স্থাপিত এবিসি ইটভাটা বন্ধের দাবিতে এ পর্যন্ত বহুবার প্রতিবাদ সভা, সঞ্চারকলিপি প্রদান ও গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। কিন্তু রহস্যজনক কারণে ইটভাটা বন্ধের জন্য প্রশাসন থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ইটভাটার পরিবেশদূষণে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা পড়াশোনা করতে না পারার পাশাপাশি জ্বালানি কাঠ ব্যবহারে বনভূমিও ধ্বংস হচ্ছে। তাঁরা অবিলম্বে এ ইটভাটা বন্ধের দাবি জানান। ইটভাটার মালিক ও উপজেলা বিএনপির সভাপতি মোহামঞ্চদ ইসলামের সঙ্গে যোগাযোগ করেও তাঁকে পাওয়া যায়নি। তবে তিনি কয়েক দিন আগে বলেছেন, উচ্চ আদালত থেকে তিন মাসের সময় নিয়ে এবার তিনি ইটভাটা চালু করেছেন। ১৮ জানুয়ারি সময় শেষ হওয়ার পর সময় বাড়ানোর জন্য আবারও আদালতে আবেদন করবেন। এ বছরের পর থেকে তিনি আর বিদ্যালয়ের পাশে ইটভাটা করবেন না বলে জানিয়েছেন।