‘আমাদের মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামনে এইচএসসি পরীক্ষা। তাই দুই খালাতো ভাই গভীর রাত পর্যন্ত জেগে পড়াশোনা করে ঘুমিয়েছেন। সকালে বেলা বেড়ে গেলেও ঘরের দরজা না খোলায় স্বজনেরা ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে দেখেন ঘরের ভেতরে আড়ার সঙ্গে দুই ভাইয়ের মৃতদেহ ঝুলছে।শুক্রবার রাতে এ ঘটনাটি ঘটেছে সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের সুলতানপুর গ্রামে। তাঁরা হলেন: সজল দাস (২০) ও সবুজ দাস (২০)। দুই ভাই চিরকুটে লিখে গেছেন, ‘আমাদের মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।’পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা যায়, সজল দাস উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের টাইলা গ্রামের সুধারঞ্জন দাসের ছেলে। আর সবুজ দিরাই উপজেলার লাছিমপুর গ্রামের সুকেশ দাসের ছেলে। তাঁরা সম্পর্কে খালাতো ভাই। সজল দ্বিতীয় শ্রেণী এবং সবুজ অষ্টম শ্রেণীতে ওঠার পর থেকে সুলতানপুরে মামা রণধীর মজুমদারের বাড়িতে পড়াশোনা করতে আসেন। তাঁরা দুজনই রণধীর মজুমদারের মূল ঘরের পাশে আরেকটি আলাদা ঘরে থেকে পড়াশোনা করতেন। তাঁদের স্থানীয় আবদুল মজিদ কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল। ১ এপ্রিল পরীক্ষা শুরু হবে।রণধীর মজুমদার জানান, পরীক্ষা সামনে তাই শুক্রবার গভীর রাত পর্যন্ত পড়াশোনা করে তারা ঘুমিয়েছেন। কিন্তু সকালে বেলা বেড়ে গেলেও তাঁদের কোনো সাড়াশব্দ না পেয়ে তাঁর মা ওই ঘরে তাঁদের ডাকতে যান। কিন্তু অনেকক্ষণ ডাকাডাকি করে ভেতর থেকে কোনো শব্দ না এলে পরে দরজা ভেঙে দেখা যায়, ঘরের ভেতর আড়ার সঙ্গে দুজনের মৃতদেহ ঝুলে আছে। পরে পুলিশকে খবর দেওয়া হয়। রণধীর মজুমদার বলেন, ‘দুই ভাইয়ের সঙ্গে কারও কোনো ঝগড়া ছিল না। সব সময় হাঁসিখুশি থাকত তারা। কেন যে এমন করল, বুঝে উঠতে পারছি না।’দক্ষিণ সুনামগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মুজিবুর রহমান জানান, সজল ও সবুজ চিরকুটে লিখে গেছেন, তাঁদের মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। তাঁদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আত্মহত্যার কারণ জানা যায়নি। থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।