'আমাদের রাজনীতির বাইরে রাখুন'
‘এক মাসের মধ্যে সাত দিনে মাত্র সাতটা শাড়ি বিক্রি করেছি। বাকি ২৩ দিন দোকানে বসে থেকে বাড়ি ফিরে গেছি। আজ ২ তারিখ দোকানের পাঁচজন কর্মচারীকে জমানো টাকা তুলে বেতন দিয়েছি। এভাবে আর কতদিন। আমাদের মুক্তি দিন। আমাদের রাজনীতির বাইরে রাখুন।’
এক মানববন্ধনে এভাবেই মনের আকুতির কথা জানান কুষ্টিয়া শহরের এনএস রোডের শাড়ি ব্যবসায়ী মোহাম্মদ বাবু। গতকাল সোমবার এনএস রোডে দোকানমালিকেরা তাঁদের দোকান অবরোধ ও হরতালের বাইরে রাখার আহ্বান জানিয়ে ওই মানববন্ধন করেন।
প্রত্যক্ষদর্শী ও কয়েকজন ব্যবসায়ী সূত্রে জানা গেছে, এনএস রোডে প্রায় আধা কিলোমিটারব্যাপী বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত ওই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে প্রায় এক হাজার দোকানমালিক অংশ নেন। জেলা দোকানমালিক সমিতির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে সমিতির নেতারা দাবি করেন, টানা অবরোধ ও হরতালে শহরের কয়েক হাজার দোকান কর্মচারীকে বসিয়ে বেতন দিতে হচ্ছে। বেচাকেনা শূন্যে নেমে এসেছে।
দোকানমালিক সমিতির সহসভাপতি আনোয়ার হোসেন বলেন, ‘আমরা রাজনৈতিক প্রতিপক্ষ নই। বিরোধী দল বা সরকারি দলের সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই। আমাদের রাজনীতি থেকে বাইরে রাখুন।’
কুষ্টিয়া চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজের পরিচালক মুরাদ চৌধুরী বলেন, ‘আপনাদের (রাজনীতিবিদ) কোনো ছেলেমেয়ে এ দেশে পড়াশোনা করে না, এমনকি থাকেও না। তাহলে রাজনীতির নামে আপনারা কেন আমাদের ছেলেমেয়ের মেধা নষ্ট করছেন, পেটে লাথি মারছেন? কর্মচারীদের জীবন-জীবিকার স্বার্থে অবিলম্বে দোকান হরতাল-অবরোধের আওতামুক্ত করুন।’
অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন কুষ্টিয়া চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজের সহসভাপতি সাজ্জাদ হোসেন, জেলা দোকানমালিক সমিতির সভাপতি পারভেজ মাজমাদার, সাধারণ সম্পাদক মকবুল হোসেন প্রমুখ।