'আমাদের সংস্কৃতিকে বারবার আঘাত হানার চেষ্টা করা হয়েছে'
নারায়ণগঞ্জে আনন্দধারা সাংস্কৃতিক সংগঠনের ২৭ বছর পূর্তি উপলক্ষে গতকাল শুক্রবার বিকেলে নগরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা, আবৃত্তি ও সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বির সভাপতিত্বে সভায় বক্তব্য দেন শিক্ষাবিদ হায়াৎ মামুদ, কবি-সাংবাদিক হালিম আজাদ, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলাম প্রমুখ।
রফিউর রাব্বি বলেন, ‘আমাদের সংস্কৃতিকে বারবার আঘাত হানার চেষ্টা করা হয়েছে। আঘাতটা হানার চেষ্টা করা হয়েছে শাসকগোষ্ঠীর পক্ষ থেকে, রাষ্ট্রযন্ত্রের পক্ষ থেকে। দেশে যখন দুর্বৃত্তায়ন ছেয়ে যায়, তখন এই দুর্বৃত্ত গোষ্ঠী মানুষের ঐক্যবদ্ধ প্রয়াসকে খণ্ড-বিখণ্ড করার প্রয়োজনে সংস্কৃতিতে মানুষকে জাতিগতভাবে, ধর্মগতভাবে, বিভিন্নভাবে বিভাজিত করে শোষণ-শাসন ও আগ্রাসন টিকিয়ে রাখতে চায়। সে জন্য সংস্কৃতির লড়াই দেশে দেশে শাসকগোষ্ঠীর সঙ্গে একটি অনিবার্য লড়াই।’
রফিউর রাব্বি আরও বলেন, ‘আমরা সংস্কৃতিকে রক্ষার প্রয়োজনে মুক্তিযুদ্ধ করেছি। একাত্তরে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমাদের সংস্কৃতির যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের আমরা ফয়সালা করতে চেয়েছি। স্বাধীনতার পরও আমরা সংস্কৃতির সেই দ্বন্দ্বের মীমাংসার জায়গায় পৌঁছাতে পারিনি। আমাদের সংস্কৃতি ও শিক্ষার মধ্যে সাম্প্রদায়িকতা ঢুকিয়ে আমাদের মানবিক সংস্কৃতি, মূল্যবোধের যে শত শত বছরের অসাম্প্রদায়িক সংস্কৃতি, সেই সংস্কৃতিকে কলুষিত করার দুরভিসন্ধি চলছে আজ। সংস্কৃতিকে কলুষিত করার যে দুরভিসন্ধি স্বাধীনতার পূর্বে ছিল, স্বাধীনতা-উত্তর বাংলাদেশেও আমরা তা লক্ষ করছি।’
শিক্ষাবিদ হায়াৎ মাহমুদ বলেন, ‘আমাদের সমাজজীবনে অনেক কষ্ট আছে, সমস্যা আছে। এ জন্য আমাদের যুদ্ধ করতে হয়, আন্দোলন করতে হয়। কিন্তু জীবনের চালিকা শক্তি হচ্ছে আনন্দ। সমস্ত পৃথিবী আনন্দমুখর হোক।’