‘আমাদের সঙ্গে আলোচনা ছাড়াই...’
আওয়ামী লীগের নেতাদের সঙ্গে আলোচনা ছাড়াই সভা আহ্বান করায় তারা নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাত গ্রামের মানুষের জনসভার স্থানে পাল্টা সভা ডেকেছে। এ অবস্থায় উপজেলা প্রশাসন সভাস্থলে আজ শুক্রবার ১৪৪ ধারা জারি করেছে। এ ঘটনার প্রতিবাদে সাত গ্রামের কয়েক হাজার মানুষ গতকাল বৃহস্পতিবার গ্রামে গ্রামে বিক্ষোভ মিছিল করেছে। সাত গ্রামের বাসিন্দারা জানান, উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের সাতটি গ্রাম রামগোবিন্দেরগাঁও, হোসেনপুর, একরামপুরা, চেলারচর, দশদোনা, ভিটিকান্দি ও গজারিয়াপাড়া। দেশ স্বাধীন হওয়ার পর থেকে গ্রামগুলোর বাসিন্দারা দলমত-নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে নিজেরা চাঁদা তুলে এলাকার স্কুল-কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করছে। এ জন্য তারা সরকারের অনুদানের অপেক্ষায় থাকেন না। দীর্ঘদিন ধরে একসঙ্গে উন্নয়নমূলক ও সামাজিক কাজ করায় স্থানীয়ভাবে গ্রামগুলো সাত গ্রাম নামে পরিচিত। আগামী বছরের উন্নয়নমূলক কাজ সম্পর্কে সিদ্ধান্ত নিতে সাত গ্রামের বাসিন্দারা গত সোমবার স্থানীয় হোসেনপুর এসপি ইউনিয়ন উচ্চবিদ্যালয়ে সভা আহ্বান করে। সভাটি হওয়ার কথা আজ শুক্রবার বেলা তিনটার দিকে। এ সভায় আমন্ত্রণ না পেয়ে ক্ষুব্ধ হন পার্শ্ববর্তী নবীনগর গ্রামের বাসিন্দা ও শম্ভুপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল হক মোল্লা। গত মঙ্গলবার তিনি হোসেনপুর স্কুল উন্নয়ন কমিটির নাম দিয়ে একই সময়ে একই স্থানে পাল্টা সভা আহ্বান করেন। একই সময় উভয় পক্ষকে সভা করতে দিলে আইনশৃঙ্খলার অবনতি হবে উল্লেখ করে মঙ্গলবার তিনি সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর্সিয়া কমলের কাছে চিঠি পাঠান।জানা গেছে, আওয়ামী লীগ নেতাদের চাপে উপজেলা প্রশাসন হোসেনপুর এসপি ইউনিয়ন উচ্চবিদ্যালয় ও আশপাশের এলাকায় আজ সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সভা-সমাবেশ, মাইকিং নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করে। এ জন্য গতকাল বৃহস্পতিবার এলাকায় মাইকিংও করা হয়। এ ঘটনার প্রতিবাদে এবং আওয়ামী লীগের নেতাদের শাস্তির দাবিতে সাত গ্রামের বাসিন্দারা গতকাল সন্ধ্যায় বিভিন্ন গ্রামে বিক্ষোভ মিছিল করেছে। এ ব্যাপারে সাত গ্রাম উন্নয়ন কমিটির আহ্বায়ক ইদ্রিস আলী ভূঁইয়া জানান, ‘সাত গ্রামের উন্নয়নের জন্য আমরা প্রতিবছরই সভা করি। আওয়ামী লীগ নেতারা অন্যায়ভাবে দলমত-নির্বিশেষে ডাকা আমাদের সভা পণ্ড করে দিয়েছে।’আওয়ামী লীগের নেতা আবদুল হক মোল্লা প্রথম আলোকে জানান, ‘আমাদের সরকারের সময়ে আমাদের সঙ্গে আলোচনা ছাড়াই এ ধরনের সভা ডাকা হয়েছে। তাই আমরাও সভা ডেকেছি।’ সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর্সিয়া কমল জানান, ‘একই স্থানে একই সময়ে সভা ডাকায় আইনশৃঙ্খলার অবনতি হওয়ার আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।’সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলী জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।