‘আমাদের সময়’ থেকে নাঈমুল ইসলাম বাদ পড়লেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৈনিক আমাদের সময় প্রকাশ করতে পারবেন এস এম বকস কল্লোল। কল্লোলকে প্রকাশক ঘোষণার বিরুদ্ধে নাঈমুল ইসলাম খান রিট আবেদন করেছিলেন। গতকাল বুধবার রিটটি খারিজ (রুল ডিসচার্জ) করে দিয়েছেন বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ। একই সঙ্গে কল্লোলের পত্রিকা প্রকাশের বিষয়ে দেওয়া স্থগিতাদেশও প্রত্যাহার করা হয়েছে। রায়ের বিষয়ে জেলা ম্যাজিস্ট্রেটের কৌঁসুলি অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান প্রথম আলোকে বলেন, ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধীকরণ) আইন-১৯৭৩ অনুসারে এস এম বকস কল্লোলের প্রকাশনা বৈধ বলেছেন আদালত। নাঈমুল ইসলাম প্রকাশক হিসেবে পদত্যাগ করে আবার তা প্রত্যাহার করেছেন বলে বিষয়টি বিবেচনার অবকাশ নেই। রিটকারীর আইনজীবী আখতার ইমাম প্রথম আলোকে বলেন, আদালত রুল ডিসচার্জ করে রায় দিয়েছেন। রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি পাওয়ার পর মক্কেলের সঙ্গে আলোচনা করে আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।তবে এস এম বকস কল্লোল প্রথম আলোকে বলেন, ‘হাইকোর্টের রায়ের পর আমাদের সময় প্রকাশনায় আর কোনো বাধা রইল না। আশা করছি, আগামীকাল আমরা পত্রিকা বের করতে পারব।’ আর পত্রিকাটির প্রতিষ্ঠাতা প্রকাশক নাঈমুল ইসলাম খান এক প্রতিক্রিয়ায় বলেছেন, অধিকার প্রতিষ্ঠার আইনি লড়াই তিনি অব্যাহত রাখবেন। জানা গেছে, ঢাকা জেলা ম্যাজিস্ট্রেটের এক আদেশে গত বছরের ২৮ সেপ্টেম্বর কল্লোলকে প্রকাশক হিসেবে ঘোষণা দেওয়া হয়। বাদ পড়েন নাঈমুল ইসলাম খান।