সমালোচনা মাথায় নিয়ে নিজে থেকে পদত্যাগের বিষয়টি নাকচ করে দিয়েছেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন। দুর্নীতির অভিযোগ ওঠায় মন্ত্রীর পদ থেকে তাঁকে অপসারণ করা উচিত কি না—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আমার অপসারণ আমার হাতে নেই।’মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে পদ্মা সেতুর কাজ বন্ধ হয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে সেতু বিভাগের সচিব ও প্রকল্প পরিচালককে (পিডি) দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে মন্ত্রীর অবস্থান জানতে চাইলে গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে তিনি এসব কথা বলেন। সাকো জড়িত থাকার বিষয়টি মিথ্যা ও ভিত্তিহীন বলেও তিনি দাবী করেন। পদ্মা সেতু প্রকল্পের কর্মকর্তাদের বদলির বিষয়ে সৈয়দ আবুল হোসেন বলেন, ‘সব কর্মকর্তাই স্বচ্ছতা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। পদায়ন, বদলি কিংবা অব্যাহতি স্বাভাবিক নিয়মে হয়েছে, দুর্নীতির কারণে হয়নি।’ তাহলে বিশ্বব্যাংক দুর্নীতির কথা বলার পর কেন দুজন কর্মকর্তাকে অবসারণ করা হলো, আগে-পরে নয় কেন—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘এটা সরকারের বিষয়। যারা এটা করেছে, তারা নিশ্চয়ই নানা দিক বিবেচনা করে করেছে।’মন্ত্রী দাবি করেন, ‘কোরিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান হুন্দাই, চীনা কোম্পানি সিআরসিসি ও বাংলাদেশের ভেঞ্চার ইন্টারন্যাশনালের অভিযোগের ভিত্তিতে বিশ্বব্যাংক সাকোর বিরুদ্ধে দুর্নীতির কথা বলছে। এই প্রতিষ্ঠানগুলো পদ্মা সেতুর দরপত্রের প্রক্রিয়ায় অযোগ্য ঘোষিত হয়ে বিশ্বব্যাংকে অভিযোগ করেছে। যারা যোগ্য বিবেচিত হয়েছে, তারা তো অভিযোগ করেনি। বিশ্বব্যাংক মিথ্যা তথ্যের ওপর ভিত্তি করে অর্থায়ন স্থগিত করেছে। এখন তাদের ইনটেগ্রিটি নিয়েই প্রশ্ন উঠেছে।’সৈয়দ আবুল হোসেন আরও দাবি করেন, তাঁর পক্ষ থেকে কেউ ঠিকাদারদের সঙ্গে যোগাযোগ করেননি। তাই জালিয়াতির কোনো প্রশ্নই আসে না। পুনরায় দরপত্র আহ্বান করা হলে অযোগ্য প্রতিষ্ঠানগুলো আবারও অংশ নিতে পারবে, সেই আশায় বিশ্বব্যাংকের কাছে অভিযোগ দিয়েছে। তিনি বলেন, ‘ঠিকাদারদের কাউকেই আমি যোগ্য বা অযোগ্য ঘোষণা করিনি। এটা মূল্যায়ন কমিটি ও বিশেষজ্ঞ কমিটির কাজ।’আপনি কোনো অনিয়মে জড়িত না থাকলে বিশ্বব্যাংক কেন আপনাকে লক্ষ্যবস্তু বানিয়েছে—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘বিশ্বব্যাংক আমাকে নয়, টার্গেট করেছে সরকারকে। আমি না হয়ে এই মন্ত্রণালয়ে “জয়নাল’ থাকলে তাঁকেও টার্গেট করা হতো।’ সৈয়দ আবুল হোসেন বলেন, যারা পদ্মা সেতু চায় না কিংবা দেরি হোক তা চায়, তারাই ষড়যন্ত্রে নেমেছে। কারা এই ষড়যন্ত্র করছে জানতে চাইলে মন্ত্রী বলেন, এটা এখন সবাই জেনে গেছে। পদ্মা সেতু হবে—এই আশ্বাস দিয়ে মন্ত্রী বলেন, বিকল্প পথ নিয়ে ভাবা উচিত। বিকল্পটা কী জানতে চাইলে মন্ত্রী বলেন, প্রতিবছর বিদ্যুৎ খাতে সরকার ১৯ হাজার কোটি টাকা ভর্তুকি দেয়। সেই তুলনায় পদ্মা সেতু কিছু নয়। বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে প্রতিবছর পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দ রাখলে চার বছরেই পদ্মা সেতু হয়ে যাবে।বৈদেশিক মুদ্রার ওপর যাতে চাপ না পড়ে, সে জন্যই সরকার উন্নয়ন সহযোগীদের কাছ থেকে ঋণ নিয়ে সেতু করতে চেয়েছে। এ অবস্থায় কীভাবে দেশীয় অর্থায়নে সম্ভব জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ আছে, তাতে কোনো সমস্যা হবে না।’