'আমার অবস্থা ভালো নাই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৪ বছর বয়সী শারমীন আক্তার বললেন, ‘আমার অবস্থা ভালো নাই। টাকার জন্য লাঠি দিয়ে পিটিয়েছে। এখন দাঁড়াতে ও হাঁটতেও কষ্ট হয়। এর আগেও যৌতুকের জন্য স্বামী, শ্বশুর, শাশুড়ি সবাই মিলে মারত।’

আজ বুধবার এক আত্মীয়ের মুঠোফোন থেকে প্রথম আলোর কাছে এভাবেই অভিযোগ করেন শারমীন। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি আছেন। তাঁর স্বামী জাকির হোসেন বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) কর্মরত। শারমীনের অভিযোগ, যৌতুকের টাকার জন্য স্বামী তাঁর দুই পা, ঠোঁটসহ সারা শরীরে লাঠি দিয়ে পিটিয়ে মারাত্মকভাবে আহত করেছেন।
মুন্সিগঞ্জের একটি বেসরকারি ক্লিনিকে ডিপ্লোমা নার্স হিসেবে কাজ করেন শারমীন। নির্যাতনের ঘটনার পর তাঁর এক বছর বয়সী সন্তানকে বাবার বাড়িতে রেখে এসেছেন।
গত মঙ্গলবার সকালে নির্যাতনের পর শারমীনের পরিবার তাঁকে উদ্ধার করে প্রথমে টঙ্গিবাড়ী হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। শারমীনের মা জাহানারা বেগম মঙ্গলবারই মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী থানায় যৌতুকের টাকার জন্য মারধর ও তালাক দেওয়ার হুমকির অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।
ওসিসিতে শারমীনের দেখভাল করা তাঁর এক চাচা ইয়াছিন খান প্রথম আলোকে বলেন, বিয়ের সময় শারমীনের শ্বশুরবাড়ির লোকজন তিন লাখ টাকা যৌতুক দাবি করেন। সে টাকা দেওয়া হয়। কিন্তু এরপর আবার দুই লাখ টাকা দাবি করে। এ টাকার জন্য শারমীনকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো। এলাকার লোকজন কয়েকবার শারমীন ও তাঁর স্বামীর বিষয়টি মীমাংসা করেন। শারমীন ও তাঁর স্বামীর বাড়ি একই থানার পাশাপাশি গ্রামে।
ইয়াছিন খান জানান, ঘটনার পর থেকে শারমীনের স্বামী ও পরিবারের অন্যান্যরা পলাতক রয়েছেন।
শারমীনের বাবা স্কুলশিক্ষক মির্জা আবদুল মান্নান খান মারা গেছেন। তিন ভাই ও দুই বোনের মধ্যে শারমীন সবার ছোট।
ওসিসির সমন্বয়কারী বিলকিস বেগম প্রথম আলোকে বলেন, গতকাল মঙ্গলবার ওসিসিতে ভর্তি হওয়া শারমীনের ঠোঁটসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন আছে।