‘আমার আত্মার ছেইলি বেওয়ারিশ হয়ি গেল’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমার ছেইলিডারে ধরিই নি যায় মারল। তার মুখটাও দেখতে দিল না। আমার আত্মার ছেইলি বেওয়ারিশ হয়ি গেল!’ এভাবেই বিলাপ করছিলেন কারিবুল ইসলামের মা ফিরোজা খাতুন।কুষ্টিয়া সদর উপজেলার বোয়ালদহ গ্রামের মজিবর রহমান ও ফিরোজা দম্পতির ছেলে কারিবুল (২৫)। জেলার দৌলতপুর উপজেলার খলিশাকুণ্ডি এলাকায় কুষ্টিয়া-মেহেরপুর সড়কের পাশ থেকে গত মঙ্গলবার কারিবুলের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। সন্ধ্যায় লাশের সুরতহাল ও ময়নাতদন্ত শেষে বেওয়ারিশ হিসেবে কুষ্টিয়া পৌর কবরস্থানে দাফন করা হয়। জাতীয় ও স্থানীয় পত্রিকায় গতকাল ছবিসহ সংবাদ প্রকাশিত হলে কারিবুলের পরিবারের সদস্যরা তাঁকে শনাক্ত করেন। কারিবুলের পরিবারের সদস্যরা জানান, প্রায় আট বছর আগে কারিবুল ও তাঁর ভাই জামাল হোসেন কুষ্টিয়া শহরের পাশে বাড়াদি এলাকায় বাড়ি করে বসবাস করছিলেন। পরিবারের অভিযোগ, গত ২১ মার্চ রাত ১১টার দিকে বাড়াদি এলাকা থেকে কুষ্টিয়া মডেল থানার পুলিশ কারিবুলকে তুলে নিয়ে যায়। লোকমুখে এ খবর পেয়ে তাঁরা কুষ্টিয়া মডেল থানায় যোগাযোগ করেন। সেখানে তাঁদের জানানো হয়, এ নামে কাউকে ধরা হয়নি। কারিবুলের ভাই জামাল হোসেন অভিযোগ করেন, এ ব্যাপারে মামলা করতে চাইলে থানা মামলা নেয়নি। কারিবুলের বাবা মজিবর রহমান বলেন, তাঁর ছেলে ঢাকায় হাতপাখার ব্যবসা করতেন। তাঁর বিরুদ্ধে কোনো মামলা বা অভিযোগ নেই। কারিবুলের স্ত্রী রোজিনা খাতুন বলেন, ২১ মার্চ রাত সাড়ে ১০টার দিকে মুঠোফোনে কারিবুলের সঙ্গে তাঁর শেষ কথা হয়। তাঁদের পাঁচ বছরের একটি মেয়ে আছে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, একটি পরিবার নিহত তরুণকে তাঁদের স্বজন বলে দাবি করেছে। ওই তরুণের লাশ উদ্ধারের ঘটনায় দৌলতপুর থানায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরির্দশক (এসআই) মুক্তার হোসেন বিষয়টির খোঁজ নিচ্ছেন। কারিবুলের বিরুদ্ধে কোনো মামলা আছে কি না, জানতে চাইলে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মনির হোসেন বলেন, ‘ফাইলপত্র না দেখে বলা সম্ভব নয়।’