
গত এক বছরে সিলেট নগরে যেসব উন্নয়ন হয়েছে, সেগুলোতে বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরীর কোনো ভূমিকা নেই বলে দাবি করেছেন সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান। প্রথম আলোকে তিনি বলেন, ‘গত মেয়াদে আমি মেয়র থাকাকালে নগরের উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য একনেকে কয়েক শ কোটি টাকার একাধিক প্রকল্প অনুমোদন হয়। এসব উন্নয়নমূলক কাজই এখন নগরে চলছে। তাই গত নির্বাচনে যে-ই মেয়র হতেন, তিনিই এ সুফল ভোগ করতেন।’
গত সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টায় নগরের ছড়ারপার এলাকার নিজ বাসায় প্রথম আলোর মুখোমুখি হন বদরউদ্দিন আহমদ কামরান। সিলেট পৌরসভা ও সিটি করপোরেশনের মেয়র পদে ১৮ বছর ছিলেন তিনি। গত বছরের ১৫ জুন অনুষ্ঠিত নির্বাচনে তিনি হেরে যান। নগর আওয়ামী লীগের সভাপতি হিসেবে দলীয় রাজনীতি ও ব্যক্তিগত কাজ নিয়ে সময় কাটে এখন তাঁর।
প্রায় এক ঘণ্টা তাঁর সঙ্গে নগরের বর্তমান উন্নয়ন কর্মকাণ্ড এবং বর্তমান মেয়র প্রসঙ্গে আলাপ হয়। বর্তমান মেয়রের এক বছর মূল্যায়ন করতে গিয়ে তিনি বলেন, ‘এক বছর বেশি সময় না। দিন আরও যাক, তখন জনগণই তাঁর কাজের মূল্যায়ন করবে। তবে আমার কোনো সহায়তার প্রয়োজন পড়লে অবশ্যই আন্তরিকভাবে সহযোগিতা করব।’
গত এক বছর ও আগামী এক বছর তাঁর আমলে গৃহীত উন্নয়ন প্রকল্পগুলোর কাজ বর্তমান মেয়রকে করতে হবে বলে তিনি জানান। এ প্রসঙ্গে কামরান জানান, তাঁর ঐকান্তিক প্রচেষ্টায় এবং প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ও স্থানীয় সরকারমন্ত্রীর সহায়তায় ২০১০ সালের ৩০ সেপ্টেম্বর একনেকে ‘সিলেট সিটি করপোরেশনের গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন ও সম্প্রসারণ’ শীর্ষক ২৩৬ কোটি ৭৭ লাখ দুই হাজার টাকার একটি প্রকল্প অনুমোদন করা হয়। ওই প্রকল্পের আওতায় নগরের নয়টি অবৈধ দখলবাজদের উচ্ছেদের পাশাপাশি ছড়া খনন, আরসিসি ড্রেন নির্মাণ, রাস্তা প্রশস্তকরণসহ একাধিক প্রকল্পের কাজ শুরু হয়।
সাবেক মেয়র আরও জানান, গত নির্বাচনের আগে ২০১৩ সালের ২৬ মে ‘সিলেট সিটি করপোরেশনের অনুন্নত এলাকার রাস্তা, ড্রেন, রিটেইনিং ওয়াল ও কালভার্ট নির্মাণ’ শীর্ষক ১৫৩ কোটি ১৩ লাখ ২১ হাজার টাকার আরও কয়েকটি প্রকল্প অনুমোদিত হয়। তাঁরই প্রচেষ্টায় নগর উন্নয়নের জন্য গৃহীত প্রকল্পগুলোর কাজই গত এক বছরে বর্তমান মেয়র করেছেন বলে কামরানের দাবি।
কামরান বলেন, ‘দক্ষিণ সুরমায় ট্রাক টার্মিনালের জন্য ভূমি অধিগ্রহণ, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণ, সুরমা নদীর দুই তীর সৌন্দর্যকরণ, ছয়তলাবিশিষ্ট বিনোদিনী হাসপাতাল প্রতিষ্ঠা, হলদিছড়ার জন্য ভূমি অধিগ্রহণ, নতুন পরিসরে ভোলানন্দ নৈশ বিদ্যালয় স্থাপনের কাজ শুরুসহ গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো আমিই সম্পন্ন করেছিলাম। তাই এগুলো বর্তমান মেয়রের সাফল্য বলা যাবে না। কাগজপত্রে সবকিছুর প্রমাণ রয়েছে, কারও পক্ষে তাই মিথ্যা দাবি করারও সুযোগ নেই। নগরের গুরুত্বপূর্ণ সড়কগুলোর বেহাল অবস্থায় থাকলেও সেগুলো গত এক বছরে সংস্কার করা হয়নি।’
সিটি করপোরেশনের বর্তমান পরিষদ সম্পর্কে কামরান বলেন, ‘কাউন্সিলর, সংরক্ষিত নারী কাউন্সিলর—সবাই মিলে রাজনীতির ঊর্ধ্বে উঠে দলবদ্ধভাবে আমি সিটি করপোরেশন পরিচালনা করেছি। আমার আমলে কোনো টেন্ডারবাজি হয়নি। নগরের জন্য মহাপরিকল্পনা গ্রহণ করে তা বাস্তবায়নে সব উদ্যোগ নিয়েছিলাম। একটা আদর্শ নগর বাস্তবায়নে যেসব প্রকল্পের কাজ অনুমোদন করে এনেছিলাম, সেসবের অনেক কিছুই এখন বাস্তবায়ন করা হচ্ছে। আর নির্বাচনে জয়ী হওয়ায় আমার কাজের সুফল ভোগ করছেন মেয়র।’
‘গত এক বছর এবং আগামী দুই বছর যেসব কাজ হবে, সেগুলো অনুমোদন একনেক থেকে আমার আমলেই হয়েছিল’—এ দাবি কামরানের। বর্তমান মেয়রের কাজের মূল্যায়ন সম্পর্কে তিনি একবাক্যে বলেন, ‘আগামী দুই বছর তাঁকে (মেয়র) আমার পরিকল্পনায় গৃহীত কাজগুলো করতে হবে। মূল্যায়নটা তাই দুই বছর পর করতে হবে’ জানিয়ে সাবেক মেয়র বলেন, ‘দুই বছর পর যেসব উন্নয়নমূলক কাজ হবে, সেসব নতুন মেয়রের উদ্যোগের ফলাফল হিসেবে বিবেচিত হবে। তাই এ জন্য দুই বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে। তখন সময়ই বলে দেবে, নগরবাসীর উন্নয়নের ব্যাপারে কে কতটুকু আন্তরিক।’