'আমার কিছুই অইব না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বজিত্ হত্যা মামলার রায় ঘোষণার পর মৃত্যুদণ্ড পাওয়া আসামি রফিকুল ইসলাম ওরফে শাকিলকে নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি: মনিরুল আলম
বিশ্বজিত্ হত্যা মামলার রায় ঘোষণার পর মৃত্যুদণ্ড পাওয়া আসামি রফিকুল ইসলাম ওরফে শাকিলকে নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি: মনিরুল আলম

বিশ্বজিৎ দাস হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া আসামি রফিকুল ইসলাম ওরফে শাকিল তাঁর এক স্বজনের উদ্দেশে বলেছেন, ‘জজ কোর্টের ওপর হাইকোর্ট আছে। সেখানে কিছু করার চেষ্টা কইরেন। আর আমার লাইগা চিন্তা কইরেন না। আমার কিছুই অইব না।’
আজ বুধবার বিশ্বজিৎ হত্যা মামলার রায় ঘোষণার পর বেলা পৌনে একটার দিকে আদালত থেকে আসামিদের প্রিজনভ্যানে ওঠানোর সময় বড় ভাই মাসুদ রানার উদ্দেশে এসব কথা বলেন শাকিল।
একই সময় মৃত্যুদণ্ড পাওয়া আরেক আসামি জি এম রাশেদুজ্জামান ওরফে শাওন সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আপনাদের কারণেই আমাদের এই বিপদ। রায়ে আপনারা খুশি তো? আপনারা খুশি হলেই আমরা খুশি।’
বিশ্বজিৎ হত্যা মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ২১ জন কর্মীর মধ্যে আটজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বাকি ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এ ছাড়া দণ্ডবিধির ১৪৩ ধারায় যাবজ্জীবন সাজা পাওয়া প্রত্যেককে ছয় মাস কারাদণ্ড এবং ৫০০ টাকা করে জরিমানা করা হয়েছে। আজ দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক এ বি এম নিজামুল হক এ রায় ঘোষণা করেন।