‘আমার গর্ভের সন্তান কাকে বাবা বলে ডাকবে’
কুষ্টিয়ায় র্যাবের গুলিতে নিহত জিয়াউর রহমান ও আবদুস সালামের পরিবারসহ এলাকাবাসী বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধন করেছেন। শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল শেষে তাঁরা জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দেন। মানববন্ধন শেষে সমাবেশে নিহত জিয়াউর রহমানের স্ত্রী মুসলিমা খাতুন বলেন, ‘আমার স্বামীকে কেন র্যাব ক্রসফায়ারে দিল? তাঁর বিরুদ্ধে কোনো কেস নেই। তাহলে কেন তাঁকে হত্যা করল।’ তিনি বলেন, ‘আমার গর্ভে একটা সন্তান, সে কাকে বাবা বলে ডাকবে, তার ভবিষ্যৎ কী হবে। আমার স্বামী যদি অন্যায় করে থাকেন, তাহলে কেন তাঁকে জেলে দেওয়া হলো না, ফাঁসি দেওয়া হলো নো।’আবদুস সালামের স্ত্রী শাহানাজ পারভীন বলেন, ‘সরকারের কাছে আমি আমার স্বামী হত্যার সুষ্ঠু বিচার চাই। আমার মতো এই বয়সে আর কোনো মেয়ে যেন তাঁর স্বামীকে না হারান। আমার স্বামী তো কোনো অপরাধী নন, তাঁর বিরুদ্ধে পুলিশের কাছে কোনো অভিযোগ নেই।’সমাবেশ শেষে এলাকাবাসী বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক বনমালী ভৌমিকের কাছে স্মারকলিপি দেন। স্মারকলিপি গ্রহণ করে জেলা প্রশাসক ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এ ব্যাপারে তিনি তাৎক্ষণিকভাবে অতিরিক্ত জেলা প্রশাসক মল্লিক আনোয়ার হোসেন চৌধুরীকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠনেরও আশ্বাস দেন।২২ অক্টোবর কুষ্টিয়ার স্বস্তিপুর এলাকায় র্যাবের গুলিতে জিয়াউর রহমান ও আবদুস সালাম নিহত হন। র্যাবের দাবি, তাঁরা ছিনতাইকারী।