'আমার গাছগুলোতে নিয়মিত পানি দিয়ো'
দুলাল, আমি ৬ তারিখে ঢাকায় যাচ্ছি; বাইরে আমার গাছগুলো আছে। গাছগুলোতে নিয়মিত পানি দিয়ো। ৫ সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের নিরাপত্তাপ্রহরী দেলোয়ার হোসেনের (দুলাল) সঙ্গে আলাপচারিতায় কথাগুলো বলছিলেন শিক্ষক আকতার জাহান।
এ আলাপের পর প্রহরী দেলোয়ারের সঙ্গে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সদ্যপ্রয়াত এই শিক্ষকের আর দেখা হয়নি।
আকতার জাহানের লাশ উদ্ধারের খবর শুনে ঢাকা থেকে রাজশাহী আসেন তাঁর ভাই কামরুল হাসান, ভগ্নিপতি শওকাত হোসেনসহ অন্য স্বজনেরা। গতকাল শনিবার সকালে আকতার জাহানের ঘরটিতে ছুটে যান তাঁরা।
এদিকে দেলোয়ারের সঙ্গে কথা হওয়ার দিনই সকালে সহকর্মী কাজী মামুন হায়দারকে আকতার জাহান একটা লেবু ও একটা ফুলের গাছ নিয়ে যেতে বলেন। এ কথা জানিয়ে কাজী মামুন বলেন, ‘সেদিন দুপুরে তাঁর ওখান থেকে গাছগুলো নিয়ে আসার কথা ছিল। কিন্তু ব্যস্ততায় ভুলে গিয়েছিলাম। অন্যদিন এমন হলে তিনি ফোন করতেন; কিন্তু সেদিন করেননি।’