'আমার ছেলে কখন আসবে?'

‘আমার ছেলে কখন আসবে? ও নাকি ব্যথা পেয়েছে? ডাক্তারকে বলো না তাকে একটু ভালো করে দিতে। কই আমার ছেলে? সে তো রাতে ভাত খায়নি।’
এভাবেই গতকাল দুপুরে বারবার আহাজারি করছিলেন সন্ত্রাসীদের হাতে নিহত চট্টগ্রামের লোহাগাড়া বার আউলিয়া ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি মাহবুবর রহমান ওরফে বাপ্পীর মা জেসমিন আক্তার (৪৮)। গত রোববার রাত ১২টায় মাহবুবর রহমান খুন হন। খুন হওয়ার পর থেকেই জ্ঞান হারাচ্ছিলেন তাঁর মা। জ্ঞান ফেরার পর ছেলের ছবিটা বুকে নিয়ে বাড়ির আশপাশে ছেলেকে খুঁজছিলেন।
নিহত মাহবুবরের ভাই মো. রাসেল বলেন,‘ দুই বছর আগে বাবা আনোয়ার হোসেন মারা যাওয়ার পর মা প্রায় সময়ই অসুস্থ থাকেন। ছোট ভাইয়ের মৃত্যুর পর মা এখন প্রায় উন্মাদ। আমার ভাই ছাত্রলীগ করে, এটাই তার একমাত্র অপরাধ। জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা এ হত্যাকাণ্ড ঘটায়।’

গতকাল সোমবার দুপুর ১২টায় মাহবুবর রহমানের লাশ হাসপাতাল থেকে বাড়িতে আনা হয়। এরপর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ তাঁর লাশ নিয়ে উপজেলা সদরের বটতলীতে মিছিল করে। পরবর্তী সময়ে স্থানীয় সুখছড়ি রহমানিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। আজ স্থানীয় উপজেলা আওয়ামী লীগ প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে।
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বার আউলিয়া ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি মাহবুবর রহমানকে রোববার রাত ১২টায় বটতলী বাসস্টেশন-সংলগ্ন এলাকায় জবাই করে হত্যা করা হয়। মাহবুবর ও তাঁর দুই বন্ধু রিকশাযোগে বাড়ি যাওয়ার পথে দুটি মোটরসাইকেল নিয়ে মুখোশধারী ছয়জন সন্ত্রাসী তাঁদের গতিরোধ করে। এ সময় সন্ত্রাসীরা মাহবুবরকে লক্ষ্য করে গুলি ছুড়লে তাঁরা রিকশা থেকে লাফিয়ে পড়েন। সন্ত্রাসীরা এরপর মাহবুবরকে ধরে গলির ভেতরে নিয়ে জবাই করে হত্যা করে। লোহাগাড়া থানার পুলিশ তাঁকে গলাকাটা অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। মাহবুবরের দুই বন্ধু মোর্শেদুল আলম ও মো. রুবেল চিকিৎসাধীন রয়েছেন।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান জানান, ঘটনার তদন্ত চলছে এবং মামলা রুজু প্রক্রিয়াধীন। এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।