ছয় দিন ধরে ছেলের খোঁজে ঘুম নেই নুর মোহাম্মদের চোখে। ছেলের শোকে কাঁদছেন তিনি। তবে এখন আর চোখ থেকে গড়িয়ে পড়ছে না পানি। কত দিনই বা পানি থাকবে চোখে? চট্টগ্রামের আগ্রাবাদে জাহাজের মালিকের মুখপাত্রের কার্যালয়ে কথা তুলতেই বিষণ্ন মুখে জানালেন, ‘আর সহ্য হচ্ছে না। আমার ছেলেকে জিন্দা চাই।’
গত বৃহস্পতিবার ভোররাতে আন্দামান সাগরে ‘এমভি হোপ’ দুর্ঘটনার দুই দিনের মধ্যে নয়জনকে জীবিত এবং দুজনকে মৃত উদ্ধার করা হয়েছে। গত রোববার দেশে ফিরে এসেছেন পাঁচ নাবিকও। কিন্তু ছয় নাবিকের ভাগ্যে কী ঘটেছে তা জানা যায়নি ছয়দিন পরও।
নুর মোহাম্মদ বলেন, পরিবারের সবাই কাঁদছে। এ অপেক্ষার যন্ত্রণা আর কত দিন বইতে হবে? নুর মোহাম্মদের তিন মেয়ে ও দুই ছেলের মধ্যে সবার ছোট নেজাম উদ্দিন। এমভি হোপ জাহাজে দ্বিতীয় প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। মালয়েশিয়ার লুমুত বন্দর থেকে এমভি হোপ ছেড়ে আসার আগে গত ২ জুলাই মুঠোফোনে ছেলের সঙ্গে সর্বশেষ কথা হয় নুর মোহাম্মদের। তাঁর জন্য ডায়াবেটিসের ওষুধ কেনার কথা জানিয়ে দুশ্চিন্তা না করার কথাও বলেন। মা রাবেয়া বেগমের জন্যও বাজার-সদাই করেছিলেন নেজাম উদ্দিন। নুর মোহাম্মদের মতো নিখোঁজ অপর ছয় নাবিকের পরিবারে এখন তীব্র উৎকণ্ঠা। এমভি হোপ জাহাজের ক্যাপ্টেন রাজীব চন্দ্র কর্মকার, চিফ কুক নাসির উদ্দিন, ইলেকট্রিশিয়ান সাদিম আলী, নাবিক নাসির উদ্দিন—সবার পরিবারে অপেক্ষা যেন শেষ হচ্ছে না।
ক্যাপ্টেন রাজীব চন্দ্র কর্মকারের পরিবারে সবাই বাকরুদ্ধ। ছেলে অর্ণব কর্মকার এবং মেয়ে রণিকা কর্মকার বাবার জন্য কাঁদছেন। অর্ণবের মা রীতা কর্মকার ছেলেমেয়েকে সান্ত্বনা দিতে গিয়ে নিজেই নির্বাক হয়ে যাচ্ছেন। রাজীব চন্দ্র কর্মকারের মেয়ে রণিকা কর্মকার নর্থসাউথ ইউনিভার্সিটিতে বিবিএতে পড়েন। বাবার শোকে কোনো কথাই বলতে পারছেন না তিনি। বাবা ছাড়া এ পৃথিবীতে সবকিছুই তুচ্ছ মনে হচ্ছে তাঁর।
ইলেকট্রিশিয়ান সাদিম আলীর ভাই মনিরুজ্জামান নতুন কোনো খবরের আশায় প্রতিদিন আগ্রাবাদে জাহাজ মালিকের মুখপাত্রের কার্যালয়ে ভিড় করছেন। নিখোঁজ ছয় নাবিকের স্বজনদের এমন অপেক্ষা কত দিন বইতে হবে কে জানে। তবে দিন যতই যাচ্ছে, ততই নিখোঁজ নাবিকদের উদ্ধারের সম্ভাবনা কমছে। এখন শুধু সীমিত আকারে স্থানীয় নৌ-যানের সাহায্যে উদ্ধার কার্যক্রম চলছে। তবু হাল ছাড়তে নারাজ নিখোঁজ নাবিকদের স্বজনেরা।
নাবিক আলী হোসেনের ছেলে মো. জাকারিয়া এখনো বিশ্বাস করেন, তাঁর বাবা বেঁচে আছেন। ‘আমার বিশ্বাস সাগরের স্রোতে ভেসে কোথাও তীরে উঠতে পারে বাবা। আমার বাবা নিশ্চয়ই বেঁচে আছে।’ যতবার এ কথা বলছেন ততবারই চোখ ঝাপসা হচ্ছে জাকারিয়ার।