'আমার ছেলের অপরাধটা কী?'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলাবাগানের তেঁতুলতলা ঈদগাহ মাঠে গতকাল দুপুরে জুলহাজ মান্নানের জানাজার সময় তাঁর বড়ভাই মিনহাজ মান্নানের কান্না (বাঁয়ে)। l প্রথম আলো
কলাবাগানের তেঁতুলতলা ঈদগাহ মাঠে গতকাল দুপুরে জুলহাজ মান্নানের জানাজার সময় তাঁর বড়ভাই মিনহাজ মান্নানের কান্না (বাঁয়ে)। l প্রথম আলো

রাজধানীর কলাবাগানের বাসায় ঢুকে গত সোমবার জুলহাজ মান্নানকে চাপাতি দিয়ে একের পর এক কোপ দিচ্ছিল ঘাতকেরা। আর্তনাদ শুনে খাট থেকে নেমে আসেন ৯০ বছর বয়সী মা সখিনা খাতুন। নামতে গিয়ে পড়েও যান তিনি। কিন্তু তারপরও ছেলেকে বাঁচাতে বসার ঘরে ছুটে আসেন তিনি। ঘাতকদের কাছে জানতে চান, ‘আমাকে বল, আমার ছেলের অপরাধটা কী?’

জুলহাজ হত্যাকাণ্ড
জুলহাজ হত্যাকাণ্ড

গতকাল মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজের মর্গ থেকে ভাইপো জুলহাজ মান্নানের লাশ আনতে গিয়ে চাচা আমিনুল ইসলাম এসব কথা বলেন। তিনি আরও বলেন, জুলহাজের মায়ের এমন প্রশ্নের জবাবে ঘাতকদের একজন তাঁর দিকে চেয়ার ছুড়ে মারে। তিনি পায়ে আঘাত পান। এরপর কোনো কিছুই আর মনে করতে পারছেন না।
সখিনা খাতুন চাঁদপুরের মাতৃপীঠ সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন, ছিলেন ঢাকার রেসিডেনসিয়াল মডেল স্কুলেরও প্রধান শিক্ষক।
প্রথম আলোকে আমিনুল বলেন, ৯০ বছরের সখিনা খাতুন এখনো জানেন ছেলে বেঁচে আছেন। তাঁকে জানানো হয়েছে, ছেলেকে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়েছে।

গতকাল পৌনে একটার দিকে জুলহাজের লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গ থেকে কলাবাগানের বাসায় আনা হয়। জুলহাজের ভাই মিনহাজ মান্নান বলেন, ‘প্রত্যেকেরই মত প্রকাশের স্বাধীনতা ও অধিকার আছে। একজন প্রকৃত মুসলমান হিসেবে অন্যের মতকে সম্মান করা উচিত। আমার মায়ের জন্য দোয়া করবেন যেন বাকি জীবনটা সুন্দরভাবে পার করতে পারেন। তিনি সরকারের কাছে এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন, যাতে এমন ঘটনা আর না ঘটে।’

যুক্তরাষ্ট্রের একটি সাহায্য সংস্থার কর্মকর্তা জুলহাজ সমকামী ও তৃতীয় লিঙ্গের মানুষের অধিকার নিয়ে প্রকাশিত রূপবান পত্রিকার সম্পাদক ছিলেন। তিনি তিন ভাইবোনের মধ্যে সবার ছোট। বোন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় থাকেন। এক ভাই থাকেন গুলশানে। মায়ের সঙ্গে বাসায় থাকলেও অনেকটা নিভৃত জীবন যাপন করতেন জুলহাজ। তিনি বিয়ে করেননি।