‘আমার ছেলের চরিত্র হননের চেষ্টা চলছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমার ছেলেকে হত্যা করেই ক্ষান্ত হয়নি দুর্বৃত্তরা, এখন আমার ছেলের চরিত্র হননের চেষ্টা চলছে। মিথ্যা ও আজগুবি তথ্য দিয়ে আমার ছেলেকে মুরতাদ সাজানো হচ্ছে। আসলে আমার ছেলে ধর্মবিরোধী ছিল না। সে ছিল জামায়াত-শিবির ও রাজাকারবিরোধী।’এ বক্তব্য দুর্বৃত্তদের হাতে নিহত ব্লগার ও তরুণ স্থপতি আহমেদ রাজীব হায়দারের বাবা চিকিৎসক নাজিম উদ্দিনের। গতকাল বৃহস্পতিবার বিকেলে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে এসব কথা বলেন। তিনি অভিযোগ করে বলেন, ‘কয়েকটি পত্রিকা আমার ছেলের চরিত্র হননের চেষ্টা করছে। একটি চক্র আমার ছেলেকে হত্যার পর মামলা ভিন্ন খাতে নিয়ে যেতে অপপ্রচার চালাচ্ছে।’নাজিম উদ্দিন বলেন, ‘পত্রিকাগুলোতে যেসব কথা লেখা হচ্ছে, আমি কোনো দিন আমার ছেলের মধ্যে তা দেখিনি। খাবার টেবিলে অনেক সময় তার সঙ্গে আমার কথা হতো। সে প্রায়ই বলত, জামায়াত-শিবির ধর্মের নামে ব্যবসা করছে। তার মধ্যে ধর্ম ও সামাজিকতাবিরোধী কোনো কিছুই আমি দেখিনি।’১৫ ফেব্রুয়ারি রাতে মিরপুরের পলাশনগরে নিজ বাড়ির সামনে রাজীবের লাশ পাওয়া যায়। তাঁর মাথা ও মুখমণ্ডলে ছয়টি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। পরদিন ভোরে বাবা নাজিম উদ্দিন বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে পল্লবী থানায় মামলা করেন। এ ঘটনায় পুলিশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) মামলার তদন্ত করছে। এ ঘটনায় সন্দেহভাজন কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করলেও এখনো পর্যন্ত কাউকে শনাক্ত করা যায়নি। এ ঘটনায় নেই কোনো গ্রেপ্তারও।এ ব্যাপারে জানতে তদন্ত-সংশ্লিষ্ট বেশ কয়েকজন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে কেউ কোনো মন্তব্য করতে রাজি হননি।