
‘আমি এখানে কীভাবে দাঁড়াইয়া আছি, তা জানি না। ছেলেটার সাত মাসে জন্ম হয়েছিল। তারে ২৫ বছর ধরে অনেক কষ্টে বড় করছি। সে ছেলেরে একদিনে এসে ধরে নিয়ে গেছে। আপনারা আমার ছেলেরে ফিরাইয়া দেন।’
এ আকুতি শাহানারা বেগম নামে এক মায়ের। তিনি গতকাল সোমবার বিকেলে জাতীয় সংসদ ভবনের সামনে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে এক মানববন্ধন কর্মসূচিতে এসে ছেলেকে ফিরে পেতে জনে জনে আকুতি জানাচ্ছিলেন। তাঁর ছেলে রফিকুল ইসলাম (সোহেল) ছাত্রলীগের ৪ নম্বর ওয়ার্ডের নেতা। গত ১২ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ।
‘গত ৪ ডিসেম্বর র্যাবের পোশাক পরা লোকজন আমার ভাইকে ধরে নিয়ে গেছে। পাঁচ মাস ধরে ভাই নিখোঁজ। আমার মা জায়গায় জায়গায় ধরনা দিতেছে। কেউ আমার ভাইরে ফিরিয়ে দিতে পারেনি। আমার ভাইরে ফেরত চাই।’ বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন মারুফা ইসলাম। জানালেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে একদল লোক তাঁর ছোট ভাই সাজেদুল ইসলামসহ ছয়জনকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ধরে নিয়ে গেছে। সাজেদুল ৩৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।
উল্লেখিত ব্যক্তিদের মতো বিভিন্ন সময়ে রাজধানী থেকে অপহূত বা নিখোঁজ ২০-২৫ জনের স্বজন এসেছিলেন ‘মৌলিক অধিকার রক্ষা কমিটি’ আয়োজিত এ মানববন্ধনে। সবার একটাই আকুতি ‘আমার সন্তানকে ফিরিয়ে দিন’।
‘অপহরণ, গুম ও বিচারবহির্ভূত হত্যা আর নয়’—এই দাবিতে আয়োজিত এ মানববন্ধনে মানবাধিকারকর্মী, আইনজীবী, পেশাজীবীসহ বেশ কয়েকজন বিশিষ্ট নাগরিক অংশ নেন।
দেশে চলমান অপহরণ, গুম, খুনে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে তাদের দ্রুত বিচারের আওতায় আনার দবি জানান মানবাধিকারকর্মী হামিদা হোসেন। তিনি বলেন, বিচার না হলে এ ধরনের অপরাধ বাড়তেই থাকবে।
সুপ্রিম কোর্টের আইনজীবী শাহদীন মালিক বলেন, ‘সময়টা খুব খারাপ যাচ্ছে। স্বজন হারানো মানুষের কান্না শোনার জন্য এই বাংলাদেশ আমরা চাইনি। আমরা কীভাবে এমন বর্বর রাষ্ট্রে পরিণত হচ্ছি তা সত্যিকার অর্থে বুঝতে পারছি না। রাষ্ট্র যেদিকে যাচ্ছে, সে দিক থেকে ফিরিয়ে আনার দায়িত্ব সরকারকে নিতে হবে।’ তিনি এসব অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে এক মাসের মধ্যে বিচারকাজ শুরু, সাদাপোশাকে, পরোয়ানা ছাড়া কাউকে গ্রেপ্তার বন্ধ করাসহ মৌলিক অধিকার সুরক্ষা কমিটির ১২ দফা দাবি তুলে ধরেন।
আরেক জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না বলেন, বঙ্গবন্ধুর হত্যাকারীদেরও আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছিল। এখন যাঁদের অপহরণ করা হয়েছে, তাঁরা সেই সুযোগও পাচ্ছেন না। ২০০৪ সালে র্যাব নামের যে বিষবৃক্ষের জন্ম হয়েছিল, তাদের বিষে এখন সবাই আক্রান্ত হয়ে পড়েছে।
অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, এভাবে খুন, গুম ও অপহরণ চলতে থাকলে অর্থনৈতিক অগ্রগতিও থমকে যাবে, ধস নামবে।
খুন, গুম ও অপহরণের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান। আর এসব অপরাধের নিরপেক্ষ তদন্তের দাবি জানান আইনজীবী সারা হোসেন।
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সমন্বয়কারী দিলীপ কুমার সরকারের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী, মানবাধিকারকর্মী শিরিন হক, সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান, আইনজীবী সালমা আলী, অধ্যাপক আমেনা মোহসিন, আইন ও সালিশ কেন্দ্রের মো. নুর খান প্রমুখ।