‘আমার ছেলেরে ফিরায় দাও’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমার ছেলেকে একবারের জন্য দেখতে চাই। তোমরা আমার ছেলেরে আইনা দাও। আমার ছেলেরে ফিরায় দাও।’ আর্তনাদ করে এ কথা বলতে বলতে মূর্ছা যাচ্ছিলেন কমলা বেগম।গত সোমবার আবুধাবিতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের একজন রোকন মুন্সী (২৫)। ফরিদপুরের সদরপুর উপজেলার চর নাসিরপুর ইউনিয়নের ইব্রাহিম মুন্সীর কান্দি গ্রামের এই যুবকের মৃত্যুর খবর গত সোমবার রাতে জানতে পারে পরিবারের লোকজন। এর পর থেকেই কেঁদে যাচ্ছেন মা কমলা বেগম। সদরপুরের প্রত্যন্ত অঞ্চল আড়িয়াল খাঁ নদের চরে অবস্থিত এই গ্রামটিতে এখন শোকের মাতম। রোকন মুন্সীর বাবা জহিরউদ্দিন মুন্সী বলেন, ‘ছোট বেলা থেকেই বিদেশে যাওয়ার জন্য রোকনের খুব ঝোঁক ছিল। ২০১১ সালের ২৬ সেপ্টেম্বর দুই লাখ ৭৫ হাজার টাকা ধার করে রোকনকে বিদেশে পাঠাই। চার মাস আগে সে এক লাখ ৫০ হাজার টাকা দেয়। সেই টাকা থেকে ৭৫ হাজার টাকা দেনা শোধ করেছি। এখনো দুই লাখ টাকা দেনা রয়েছে।’ একটি দোচালা টিনের ঘরে বসবাস করে রোকনের পরিবার। বাবা কৃষিকাজ করলেও নিজের কোনো জমি নেই। রোকনের মামা ইউনুস হাওলাদার বলেন, ‘পয়লা ফেব্রুয়ারি সকাল ১০টার দিকে রোকনের সঙ্গে তাঁর বাবার শেষ কথা হয়। রোকন জানায়, তাঁর জন্য কোনো চিন্তা না করতে। সে ভালো আছে। ৮ ফেব্রুয়ারি আরও কিছু টাকা পাঠানোর কথাও জানায় সে।’