‘আমার ছ্যালিডারে ঠিক করি দেন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমার একমাত্র ছ্যালিডারে ঠিক করি দেন! ওর বাপ নেশা করতে করতে পালাইছে। ও নেশা করতে শুরু করিছে। গত রাতে (শুক্রবার) নেশার টাকা না পায়ে ও আমারে মারি ফেলার জন্য বঁটি দিয়া কোপ দিছে। বাড়িঘর সব ভাঙ্গি ফেলিছে। আমি এখন কী করবো?’ এই আর্তনাদ নাটোর সদর উপজেলার হুগোলবাড়িয়া মহল্লার আসমা বেগমের। গত শনিবার বিকেলে নাটোর সদর হাসপাতালের বিছানায় শুয়ে তিনি কথাগুলো বলছিলেন।আসমা বেগম জানান, ১৫ বছর আগে রাজশাহীর নওদাপাড়ার মনিরুল ইসলামের সঙ্গে তাঁর বিয়ে হয়। সংসারে একমাত্র ছেলে রাজু (১৪) ও মেয়ে রাহেলা (৯)। সুখের সংসার। একসময় স্বামী নেশাগ্রস্ত হয়ে পড়েন। পাঁচ বছর আগে ছেলেমেয়ে রেখে স্বামী পালিয়ে যান। অন্যের বাড়িতে ঝিয়ের কাজ নেন আসমা। চতুর্থ শ্রেণীর পর রাজুর পড়াশোনা আর এগোয়নি। নেশাগ্রস্ত বন্ধুদের সঙ্গে মিশে রাজু নিজেও নেশাগ্রস্ত হয়ে ওঠে।হুগোলবাড়িয়া মহল্লার সাইফুল ইসলাম জানান, শুক্রবার মধ্যরাতে রাজু বাড়ি ফিরে গাঁজা কেনার জন্য মায়ের কাছে ১০০ টাকা চায়। ঘরে টাকা নেই শুনে রাজু তার মায়ের দিকে বঁটি নিয়ে তেড়ে আসে এবং কয়েকটি কোপ দেয়। চিৎকার শুনে প্রতিবেশীরা এসে আসমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরে ক্ষুব্ধ রাজু একমাত্র ঘরটি ভাঙচুর করে বাড়ি থেকে চলে যায়। প্রতিবেশীরা চাঁদা উঠিয়ে আসমা বেগমের চিকিৎসা করাচ্ছেন। নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, ‘এ ব্যাপারে এখনো লিখিত অভিযোগ পাইনি।’