'আমার দলেও সন্ত্রাসী আছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সাংসদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, ‘আমার দলেও সন্ত্রাসী আছে। কিন্তু তাদের ধরতে পারছি না। তাদের বিষয়ে প্রমাণ পেলে দল থেকে বের করে দেব। এমনকি আমার পাশেও যদি কোনো সন্ত্রাসী থাকে, তাহলে তাকে আইনশৃঙ্খলা বাহিনী ধরে নিয়ে গেলে বাধা দেব না।’
শহরের সুরসম্রাট আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত ‘জনগণের মুখোমুখি জনপ্রতিনিধি’ অনুষ্ঠানে গতকাল বৃহস্পতিবার সকালে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের এই সাংসদ এসব কথা বলেন।
সনাক ব্রাহ্মণবাড়িয়া শাখার সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে এতে বক্তব্য দেন টিআইবির জ্যেষ্ঠ অনুষ্ঠান ব্যবস্থাপক হাসান আলী। সাংসদ মোকতাদির চৌধুরী জনগণের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
বিভিন্ন প্রশ্নের জবাবে সাংসদ বলেন, ‘পৌর এলাকায় শিশুপার্ক করার বিষয়ে জোর চেষ্টা চলছে। সড়ক হয়ে গেলে পূর্বাঞ্চলে শহর সম্প্রসারিত হবে। সেই লক্ষ্যেই আমরা কাজ করছি।’ পাশাপাশি অন্য জনপ্রতিনিধিদের পূর্বাঞ্চলে পরিকল্পিত শহর গড়ে তোলার বিষয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
শহরের অভ্যন্তরে উত্তর মৌড়াইল থেকে কালীবাড়ি মোড় পর্যন্ত উড়ালপথ নির্মাণ প্রসঙ্গে সাংসদ বলেন, জমি ও নকশাসংক্রান্ত জটিলতায় এর কাজ পিছিয়ে পড়েছে।