'তাঁরা কর্তৃত্ব করতে পারছেন না বলে বিরোধিতা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুর উপজেলা আওয়ামী লীগের বিরুদ্ধে এবার মুখ খুললেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক। তিনি বললেন, মুষ্টিমেয় কিছু লোক কর্তৃত্ব করতে পারছেন না বলে তাঁরা তাঁর বিরোধিতা করছেন। ‘হাতুড়ি বাহিনী’ ও ‘গামছা বাহিনী’ নামে দুটি বাহিনীর পৃষ্ঠপোষকতা তিনি দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অথচ এসব বাহিনী কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিনরা সৃষ্টি করেছেন বলে অভিযোগ করেন প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে সন্ত্রাস, লুটপাট, অনিয়ম হচ্ছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইসমত আরা সাদেক বলেন, ‘কেশবপুরে আমার নলেজের বাইরে কোনো কিছুই হয় না। আমি সব জানি।’

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক গত বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটায় যশোর সার্কিট হাউস মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন। তিনি প্রতিমন্ত্রী হওয়ার চার বছরের মধ্যে যশোরের সাংবাদিকদের সঙ্গে এটিই তাঁর প্রথম আনুষ্ঠানিক মতবিনিময় সভা।

সম্প্রতি উপজেলা আওয়ামী লীগের ব্যানারে যশোর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে প্রতিমন্ত্রীর বিরুদ্ধে হাতুড়ি বাহিনী ও গামছা বাহিনীর দৌরাত্ম্যের কাহিনি তুলে ধরেন নেতারা। নেতারা অভিযোগ করে বলেন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা নিজেই এই দুই সন্ত্রাসী বাহিনীর নিয়ন্ত্রক। স্থানীয় আওয়ামী লীগের বিরুদ্ধে এসব সন্ত্রাসী বাহিনী ব্যবহার করা হচ্ছে। আওয়ামী লীগের সাংবাদ সম্মেলনের পরিপ্রেক্ষিতে প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করলেন। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক আব্দুল আওয়াল ও প্রতিমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা মঞ্জুরুল হাবীব।

সভায় সাংবাদিকেরা কেশবপুরে কাবিটা-কাবিখা প্রকল্পের দুর্নীতি, সৌরবিদ্যুৎ প্রকল্পে অনিয়ম ও স্কুলে ডিজিটাল হাজিরা সিস্টেম স্থাপনে লুটপাটের চিত্র তুলে ধরেন। স্থানীয় দুটি সন্ত্রাসী বাহিনীর দৌরাত্ম্য, আওয়ামী লীগের ভেতরে দ্বন্দ্ব-সংঘাতের ব্যাপারে কথা বলেন।

ইসমত আরা সাদেক শুরু থেকে হাতুড়ি বাহিনী ও গামছা বাহিনীর অস্তিত্ব অস্বীকার করলেও একপর্যায়ে তিনি বলেন, ‘এসব বাহিনী কাদের সৃষ্টি? আমি হাতুড়ি বাহিনীর প্রধান খন্দকার আজিজকে জেলে দিয়েছিলাম। মুক্তি পেয়ে সে মাফ চেয়েছে। তাকে ভালো হওয়ার সুযোগ দিয়েছি। ওরা আমাকে ভালোবাসে। ওরা আমার অনুগত। ফলে কেউ আমার সম্মানহানির চেষ্টা করলে ওরা কিছুটা ভায়োলেন্ট হয়।’

জেলার একমাত্র প্রতিমন্ত্রী হিসেবে উন্নয়নে ভূমিকা না রাখার অভিযোগ প্রসঙ্গে ইসমত আরা বলেন, ‘আমি যে মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত, সেখানে দৃশ্যমান কিছু করে দেখানোর সুযোগ নেই। আমি কোনো জেলা বা উপজেলার মন্ত্রী নই, সারা দেশের উন্নয়নে কাজ করছি। জনগণকে যাতে সেবা দেওয়া যায়, সে জন্য আমলাদের প্রশিক্ষণ দিয়ে উপযুক্ত করছি।’