'আমার নাম আকাশি আমি হারিয়ে গিয়েছি'
সবার মনে দাগ কেটেছে ফুটফুটে শিশুটির মায়াবী মুখ। বয়স তিন-চার বছর হলেও চটপটে। হারিয়ে যাওয়া এই শিশুর নাম আকাশি। গতকাল রোববার তাকে ঢাকার শিশু আদালতে হাজির করে যাত্রাবাড়ী থানার পুলিশ। পরে আদালত শিশুটিকে রাজধানীর আজিমপুরে অবস্থিত ছোটমণি নিবাসে পাঠানোর আদেশ দেন।
পুলিশ জানায়, ১ আগস্ট ঢাকার ডেমরা রোডের মৃধাবাড়ী এলাকায় রাস্তায় ওপরে দাঁড়িয়ে কাঁদছিল ওই শিশু। তখন স্থানীয় দুই ব্যক্তি শিশুটিকে যাত্রাবাড়ী থানায় নিয়ে আসে। পরে ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের (সিএমএম) হাজতখানায় আনে যাত্রাবাড়ী থানার পুলিশ। সেখান থেকে শিশুটিকে ঢাকার আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তাদের কার্যালয়ে (নন-জিআরও) আনা হয়। সেখানে শিশুটি প্রথম আলোকে বলে, ‘আমার নাম আকাশি। আমার আব্বুর নাম মনির। মায়ের নাম সালমা বেগম। আমি হারিয়ে গিয়েছি।’ এটুকু বলেই সে কাঁদতে থাকে।
একপর্যায়ে শিশুটি বারবার বলতে থাকে, ‘আমি আমার মায়ের কাছে যাব।’ পরে শিশুটিকে বিকেলে ঢাকার শিশু আদালতে তোলা হয়। তখন ওই আদালতের সরকারি কৌঁসুলি আবদুস সাত্তারও আদালতের সামনে শিশুটির কাছে তার পরিচয় জানতে চান। তখনো শিশুটি তার বাবা-মায়ের নাম বলে। কিন্তু কোথায় তাদের বাসা, তা বলতে পারেনি।
আবদুস সাত্তার প্রথম আলোকে বলেন, ‘শিশুটিকে পাওয়ার জন্য ঢাকার শিশু আদালতে যোগাযোগ করলে নিশ্চয় সার্বিক সহযোগিতা করব।’