'আমার নির্বাচন আ.লীগের বিরুদ্ধে নয়, অন্যায়ের বিরুদ্ধে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আফজল খানের ছেলে মাসুদ পারভেজ খান ইমরান বলেছেন, ‘আমার নির্বাচন আওয়ামী লীগের বিরুদ্ধে নয়, অন্যায়ের বিরুদ্ধে। কুমিল্লাকে উদ্ধারের জন্যই নির্বাচন করছি। জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য হয়েও জনগণের চাপে নির্বাচনে প্রার্থী হয়েছি। এ নির্বাচনে আমার বাবা নৌকার পক্ষে। তার পরও প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা আমার নেতা-কর্মীদের হুমকি দিচ্ছেন। আমাকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিচ্ছেন।’
গতকাল রোববার দুপুরে কুমিল্লা শিল্প ও বণিক সমিতি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মাসুদ পারভেজ খান এসব কথা বলেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য আঞ্জুম সুলতানা ও নির্বাচন সমন্বয়ক তাপস কুমার বকসী।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাসুদ পারভেজ খান বলেন, ‘কুমিল্লার মানুষ সন্ত্রাস ও চাঁদাবাজদের হাত থেকে মুক্তি পেতে চায়। জনগণের সমর্থন নিয়েই আমি স্বতন্ত্র থেকে নির্বাচন করছি। নির্বাচিত হলে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদকমুক্ত কুমিল্লা গড়ে তুলব।’
পারভেজ খান আরও বলেন, ‘প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা আমার পোস্টার ছিঁড়ে ফেলছে। তাঁরা আমার কর্মীদের মামলায় জড়িয়ে দিচ্ছে।’ তবে কোন প্রার্থী পোস্টার ছিঁড়ছে, তাঁদের নাম তিনি সংবাদ সম্মেলনে উল্লেখ করেননি।