'আমার বাবাকে ফিিরয়ে দাও'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমার বাবা ডাকমু ক্যারে (কাকে)। আমার বাবাকে ফিরিয়ে দাও।’ বাড়ির উঠানে গড়াগড়ি দিয়ে চিৎকার করে কাঁদতে কাঁদতে কথাগুলো বলছিল ছয় বছর বয়সী আবুবকর সিদ্দিক মাহিন। তার বাবা নূর হোসেন (৩০) সোমবার রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার সুন্দরদী এলাকায় দুর্বৃত্তদের ছোড়া পেট্রলবোমায় দগ্ধ হয়ে মারা যান।
পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের কালাইয়া গ্রামে ট্রাকচালক নূর হোসেনের বাড়ি। তাঁর স্ত্রী মেরিনা আখতার (২৭) নয় মাসের অন্তঃসত্ত্বা। তিন বছরের মেয়ে নুরতাজ ও মাহিনকে নিয়ে তাঁদের অভাবের সংসার।
গতকাল কালাইয়া গ্রামে নূর হোসেনের বাড়িতে গিয়ে দেখা যায়, স্বামীর মৃত্যুর খবরে বিমর্ষ স্ত্রী মেরিনা। মেয়ে নুরতাজকে জড়িয়ে ধরে নির্বাক তাকিয়ে আছেন। অন্য স্বজনদের আহাজারিতে ভারী হয়ে আছে বাড়ির পরিবেশ।
গত রোববার রাতে নূর হোসেনের চাচাতো ভাই আবুল কালাম সিকদার মারা যান। অবরোধ ও হরতালের কারণে সোমবার দিনের বেলায় তিনি আসতে পারেননি।
সোমবার সন্ধ্যায় স্ত্রীকে মুঠোফোনে বলেন, ‘হরতাল-অবরোধের কারণে কালাম ভাইর লাশ দেখতে পারি নাই। মঙ্গলবার সকালে আইসা কবর জিয়ারত করমু।’
ভাইয়ের পরিবারকে সমবেদনা জানাতে সোমবার রাতে মামাতো ভাই আবু জাফরসহ বাড়ির উদ্দেশে ট্রাক নিয়েই রওনা হন। কিন্তু পথে রাত সোয়া ১২টার দিকে গৌরনদী উপজেলার সুন্দরদী এলাকায় দুর্বৃত্তদের ছোড়া পেট্রলবোমায় দগ্ধ হয়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
মঙ্গলবার সকালে পরিবারের কাছে তাঁর মৃত্যুর খবর পৌঁছায়। নূর হোসেন ঠিকই বাড়ি ফিরেছেন। তবে লাশ হয়ে। মঙ্গলবার সন্ধ্যায় বাড়িতে তাঁর লাশ পৌঁছায়।
নূর হোসেনের চাচাতো ভাই ক্ষুব্ধ বাবুল হোসেনের আকুতি, ‘দুই দলের গদির লোভে আমার ভাই নূর হোসেনের প্রাণ দিতে হলো। আমরা গরিব মানুষ। সমঝতায় আইয়া আপনারা আমাগোরে বাঁচান।’