'আমার বায়েজিদ তো অলরাউন্ডার'
‘আমি মাছ দিয়া ভাত খামু’ বলে জেদ করতে থাকে বায়েজিদ। মাছের কাঁটা বেছে প্লেটে ভাত দেওয়ার পর নিজেই খেতে থাকে। পাশেই বসা বাবা লাভলু শিকদারের সঙ্গে চলতে থাকে নানান খেলা। বাবা বলেন, বায়েজিদ, তোমার মাথা কোনটা? বায়েজিদ ছোট হাত দিয়ে মাথা দেখায়। একইভাবে কান, নাক, মুখ দেখায় আর খিলখিল করে হাসে। গাড়ি কেমন শব্দ করে চলে, মুখ ও অঙ্গভঙ্গি করে তা–ও দেখায়। কুকুর, বিড়াল কেমন করে ডাকে, তা–ও নকল করে শোনাতে পারে সে।
বাবা লাভলু শিকদারের চোখে–মুখে হাসির ঝিলিক। বললেন, ‘আমার বায়েজিদ তো অলরাউন্ডার। ও ক্রিকেট খেলতে পারে। আয়নার সামনে গিয়ে মাথা আচড়াতে পারে। গোসল করতে পারে। জামাকাপড় ময়লা হলে নিজেই তা পরিষ্কার করে। বুড়া মানুষের মতো চেহারা ছাড়া আর কোনো সমস্যা নাই।’
চার বছর বয়সী বায়েজিদকে নিয়ে বাবার এ উচ্ছ্বাস। তবে অলরাউন্ডার ছেলেটিকে গত শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করাতে হয়েছে। চিকিৎসকেরা প্রাথমিকভাবে মনে করছেন, বায়েজিদ ‘প্রোজেরিয়া’ রোগে আক্রান্ত। এটা এক বিরল জিনগত রোগ। প্রতি এক কোটি লোকের একজনের এ রোগ হওয়ার আশঙ্কা থাকে।
একটু পরপর হাসপাতালের এবং হাসপাতালের বাইরে থেকে মানুষজন বায়েজিদকে দেখতে আসছে। তা দেখে বায়েজিদ থমকে যাচ্ছে। বিরক্ত হয়ে কপাল কুঁচকে তাকাচ্ছে। এতেও কাজ না হলে বাবা বা মায়ের কোলে মুখ লুকিয়ে বাড়ি চলে যাওয়ার বায়না ধরছে। বায়েজিদের পেটটা অন্য শিশুদের তুলনায় বেশ ফোলা। হাত, পা, মুখসহ পুরো শরীরের চামড়া বয়স্ক ব্যক্তিদের মতো ঝুলে আছে। বায়েজিদের মুখের দিকে তাকালে হঠাৎ করে মনে হবে অনেক বয়স্ক কোনো মানুষের চেহারা। তবে কিছুক্ষণ তাকালে বায়েজিদের মুখের অকৃত্রিম হাসিই বলে দিচ্ছে ও শিশু।

আজ মঙ্গলবার দুপুরে হাসপাতালের বার্ন ইউনিটে গিয়ে দেখা যায়, মাছ দিয়ে ভাত খাওয়ার জন্য বায়না করছে। হাসপাতাল থেকে দেওয়া খাবার থেকে অর্ধেক মাছ রেখে দিয়েছিলেন বায়েজিদের মা তৃপ্তি খাতুন। একটু মাছ দিয়ে অন্যটুকু রেখে দিলেন আবার সামনে হাজির করতে পারবেন ভেবে। তবে বায়েজিদের আবার বায়না—সে আরও মাছ দিয়ে ভাত খাবে।
লাভলু শিকদার জানালেন, বায়েজিদ ভাত, মাছ আর মাংস খেতে ভালোবাসে। চকলেট বা অন্যান্য খাবার তেমন একটা পছন্দ নয়। খেলতে ভালোবাসে। কিন্তু হাসপাতালে কোনো খেলনা নেই। সুই ছাড়া কয়েকটি খালি সিরিঞ্জ দিয়েই চলছে তার খেলা।
মাগুরার মহম্মদপুর থানার বিনোদপুরে বাড়ি লাভলু শিকদারের। নবম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। এখন মিস্ত্রির কাজ করছেন। ছয় বছর আগে খালাতো বোনকে বিয়ে করেন। বায়েজিদ তাঁদের প্রথম সন্তান।
লাভলু শিকদারের সঙ্গে কথা বলার সময় একটু পরপর দরজায় টোকা। একসঙ্গে পাঁচ ছয়জন করে ঢুকছেন। কেউ কেউ দরজা থেকে জানতে চাইছেন—ওই যে বাচ্চাটা, ও কেমন আছে? মানুষজন ঢুকেই নিজেদের মনের যত প্রশ্ন করছেন মা–বাবাকে। অনেকে বায়েজিদকে আদর করছেন। ছবি তুলছেন কেউ কেউ।
বায়েজিদের নানা মশিউর রহমান অসহায় কণ্ঠে বললেন, ‘ডাক্তার এত মানুষ ঢুকতে মানা করছেন। কিন্তু মানুষরে কী বলব?’
বায়েজিদের জন্ম মাগুরা সদর হাসপাতালে। স্বাভাবিক প্রসব হয়। জন্মের পর থেকেই গায়ের চামড়া ঝুলত। নয় মাস বয়সে দাঁত ওঠে। লাভলু শিকদার বলেন, ‘ওকে দেখতে একেবারে বুড়ো মানুষের মতো মনে হতো।’
বায়েজিদ তার বাবার খুব ভক্ত। হাটে, মাঠে, ঘাটে যেখানেই যান, বায়েজিদ তার বাবার সাইকেলে চড়ে বসে। বিভিন্ন জিনিস নিয়ে ঘাঁটাঘাঁটি করার অভ্যাস। তবে নিজেই আবার তা গুছিয়ে রাখে।
লাভলু বললেন, ‘এই চার বছরে ছেলেরে নিয়া খালি তো কষ্ট না, জমিজমা যা ছিল সব বিক্রি করতে হয়েছে। একেক ডাক্তার আন্দাজে ওষুধ দিতেন আর আমরা তা খাওয়াই।’
এভাবে চলতে চলতে দেয়ালে পিঠ ঠেকে গেলে মাগুরা সদরের চিকিৎসক দেবাশীষ বিশ্বাসের কাছে গিয়ে নিজেদের অপারগতার কথা জানান লাভলু শিকদার। তিনিই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়েছেন বলে জানান লাভলু। এখানে আসার পর চিকিৎসকেরা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করানোর কথা বলেছেন। আজ দুপুর পর্যন্ত কোনো পরীক্ষা করানো হয়নি।
মানুষজনের ভিড় সম্পর্কে লাভলু জানালেন, ওর জন্মের পর থেকে বাড়িতেও মানুষের লাইন থাকে। কয়েকজন কয়েক মাস পরপর এসে দেখে যান। সবাই ওকে আদর করেন। তাই বেশি কিছু বলতে পারেন না। তবে হাসপাতালের ছোট ঘরের মধ্যে মানুষ দেখে দেখে বায়েজিদ হতাশ হয়ে যাচ্ছে।
চলে আসার সময় বায়েজিদ অন্য শিশুদের মতোই হাত নেড়ে টা-টা বলে বিদায় জানায় প্রতিবেদককে।