'আমার ভাইয়ের কোনো শত্রু ছিল না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমার ভাইয়ের তো কোনো শত্রু ছিল না। কেন ভাই এভাবে মারা গেল?’ আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর মিটফোর্ড হাসপাতালের মর্গের সামনে এভাবে আহাজারি করছিলেন রাশেদুল হাসান। ডাচ্‌-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি হাসান খালেদ তাঁর বড় ভাই। আজ মঙ্গলবার হাসান খালেদের লাশ উদ্ধার করে পুলিশ।

হাসান খালেদ গত শনিবার সকাল থেকে নিখোঁজ ছিলেন। কামরাঙ্গীরচর ও কেরানীগঞ্জ থানার মাঝামাঝি খোলামোড়া ঘাট এলাকায় বুড়িগঙ্গা নদী থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। বিকেল চারটার দিকে লাশ পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়।
বিকেল সাড়ে চারটার দিকে মর্গের সামনে ভাইয়ের লাশ দেখতে এসে কান্নায় ভেঙে পড়েন রাশেদুল হাসান। আহাজারি করতে করতে তিনি বলেন, ‘আমার ভাইয়ের তো কোনো শত্রু ছিল না। কেন ভাই এভাবে মারা গেল?
হাসান খালেদের মামা হুমায়ুন কবিরও প্রথম আলোকে একই কথা বলেন। তিনি বলেন, এমন কোনো শত্রু ছিল না যারা ওকে মারতে পারে।
হাসান খালেদের বাড়ি ফেনীর ছাগলনাইয়া উপজেলায়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে তিনি ব্যবসা শুরু করেন। দীর্ঘদিন ধরে তিনি তৈরি পোশাক আমদানি-রপ্তানির ব্যবসা করেন। নিউ ইস্কাটনে তাঁর দুটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের কার্যালয় রয়েছে। এর একটি ‘নিউ এরা ট্রেডিং’ ও অন্যটি ‘কেমিকো বাংলাদেশ লিমিটেড’। তাঁর প্রতিষ্ঠান হংকংভিত্তিক ‘ক্রকোডাইল গার্মেন্টস’-এর বাংলাদেশি পরিবেশক। বসুন্ধরা সিটিতে তাঁর একটি দোকানও আছে। ৫৪ বছর বয়সী হাসান খালেদ ধানমন্ডির ৪/এ নম্বর রোডের ৪৫ নম্বর বাসার তিনতলায় এক মেয়ে ও স্ত্রীকে নিয়ে থাকতেন।
হাসান খালেদ নিখোঁজ হওয়ার পর শনিবার রাতে তাঁর শ্যালক শরিফুল আলম ধানমন্ডি থানায় জিডি করেন।
কেরানীগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) ইলিয়াস শরিফ প্রথম আলোকে বলেন, কামরাঙ্গীরচর ও কেরানীগঞ্জ থানার মাঝামাঝি খোলামোড়া ঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে একটি লাশ দেখা যায়। এরপর পুলিশ সেখানে গিয়ে লাশটি উদ্ধার করে। লাশের সঙ্গে থাকা ভিজিটিং কার্ড থেকে পরিচয় নিশ্চিত হওয়া গেছে। এ ছাড়া হাসান খালেদের ছোট ভাই মুরাদ হাসানও লাশ শনাক্ত করেছেন।
নদী থেকে লাশটি উদ্ধারে পুলিশকে সহায়তা করেন নজরুল ইসলাম (৪৮)। তিনি নিয়মিতই এ ধরনের লাশ উদ্ধার করেন। মিটফোর্ড হাসপাতালে তিনি প্রথম আলোকে বলেন, লাশের শরীরে কোথাও তিনি আঘাতের চিহ্ন দেখেননি। তবে জিহ্বায় কামড় দেওয়া ছিল। তাঁর হাতে ঘড়ি ছিল। পকেটে থাকা কার্ড দেখে পুলিশ তাঁর পরিচয় নিশ্চিত হয়েছে।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন সাংবাদিকদের বলেছেন, নিহত ব্যক্তির শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া মৃত্যুর সঠিক কারণ বলা যাচ্ছে না।
যাদের হাত ধরে ডাচ্‌-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ গঠিত হয়, তাঁদের মধ্যে হাসান খালেদ অন্যতম। বাংলাদেশের সঙ্গে নেদারল্যান্ডসের বাণিজ্যের উন্নয়নে ট্রেড ফ্যাসিলিয়েটর হিসেবেও তিনি কাজ করেছেন।