'আমার ভিটা এখন পুকুর'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে বন্ধুসভার ব্যবস্থাপনায় দেশের বিভিন্ন স্থানে বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণের কাজ অব্যাহত রয়েছে। গতকাল লালমনিরহাট, আক্কেলপুর (জয়পুরহাট), বাগমারা (রাজশাহী), শেরপুর, মানিকগঞ্জ, কুড়িগ্রাম, নীলফামারীর সৈয়দপুর ও দিনাজপুরের বিভিন্ন এলাকায় বন্যার্ত মানুষের হাতে ত্রাণ পৌঁছে দেওয়া হয়। প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:

 লালমনিরহাট

গতকাল বুধবার দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বরে বন্যার্ত ১৫০টি পরিবারের মাঝে বিভিন্ন ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। বন্যায় ধরলা নদীর প্রবল পানির তোড়ে বসতভিটাসহ জমিজমা ভাঙনের শিকার বন্যার্ত এসব পরিবার এসেছিল মোগলহাটের বুমকা, কুরুল, ইটাপোতা, খারুয়া, কর্ণপুর ও ফুলগাছ গ্রাম থেকে।

প্রতি পরিবারের জন্য দেওয়া হয় তিন কেজি চাল, এক কেজি মসুর ডাল, এক লিটার বোতলজাত সয়াবিন তেল, প্যাকেটজাত এক কেজি লবণ, তিনটি করে মোমবাতি ও দুটি করে দেশলাই (বড় ও ছোট)।

বুমকা গ্রামের আবদুল মজিদ (৭০) বলেন, ‘এবারের বন্যায় আমার বাড়ির ভিটা একটি পুকুরে পরিণত হয়েছে। এই বিপদের দিনে আমাদের পাশে দাঁড়ানোয় কৃতজ্ঞতা জানাচ্ছি।’

ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন লালমনিরহাট প্রথম আলো বন্ধুসভার সভাপতি বাদশা আলম, সহসভাপতি জাহেদুল ইসলামসহ বন্ধুসভার সদস্যরা।

 বাগমারা (রাজশাহী)

রাজশাহী বন্ধুসভার বন্ধুরা শহর থেকে বাগমারার দুর্গত এলাকায় এসে ত্রাণসামগ্রী বিতরণ করেন। দুপুরে উপজেলার হুলিখালী বন্যানিয়ন্ত্রণ বাঁধে উপজেলার মীরপুর, কুমারপুর, গোড়সার ও পূর্ব দৌলতপুর গ্রামের ১৫০টি বন্যাদুর্গত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন রাজশাহী বন্ধুসভার সভাপতি মিঠুন আলী, সাবেক সভাপতি ফারুক হোসেন, সহসভাপতি শাহানারা জেসমিন প্রমুখ।

ত্রাণ পেয়ে সুরতজান বেওয়া (৬৩) বলেন, ‘বানে বাড়িঘর ডুইব্যা গেলেও কেউ আমাক এক ছটাক চাল দেয়নি। তুমরা আমাক খাবার দিইয়্যা বাঁচালেন বাবা। আল্লাহ তুমারিক আরও দিবার তোফিক দিক।’

 সৈয়দপুর (নীলফামারী)

‘এই পেরথম ক্যায়ো হামাক অন্ন দেলে বাপই।’ ত্রাণ পেয়ে এ কথা বলেন সুখোবালা রায় (৭০)। গতকাল নীলফামারীর সৈয়দপুর উপজেলার বাঙালিপুর উচ্চবিদ্যালয় মাঠে ২৩৫টি বন্যার্ত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, লবণ, গুঁড়া দুধ, বিস্কুট ইত্যাদি। বন্যায় ঘরবাড়ি হারানো বয়েতপাড়ার বৃদ্ধ আমির আলী বলেন, ‘এই চাল আন্দিয়া (রেঁধে) আইজ ভরপেট ভাত খাইম বাও।’

ত্রাণ বিতরণের একপর্যায়ে সৈয়দপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও), বজলুর রশীদ ও সহকারী কমিশনার আহমেদ মাহবুব-উল ইসলাম ওই এলাকায় আসেন। ইউএনও নিজেও কিছুক্ষণ বন্যার্তদের হাতে ত্রাণ বিতরণ করে বন্ধুসভাকে উৎসাহ দেন। বাঙালিপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হকসহ সব শিক্ষক ত্রাণ বিতরণ কাজে সহায়তা করেছেন।

 শেরপুর

‘বাড়িতে বন্যার পানি উঠছিল। ঘরে কোনো খাবার নাই। বিভিন্ন বাড়িতে চাইয়া-চিন্তা খাই। আপনেগরে রিলিপ (ত্রাণ) দিয়া আইজ চাইড্যা ভালো মতন খামু।’

গতকাল বুধবার দুপুরে প্রথম আলো ট্রাস্টের দেওয়া ত্রাণ পেয়ে এভাবেই প্রতিক্রিয়া জানান শেরপুরের সদর উপজেলার বলাইয়ের চর ইউনিয়নের রামের চর গ্রামের বৃদ্ধ ফটিকজান।

রামের চর গ্রামসহ এই ইউনিয়নের জঙ্গলদী, নয়াপাড়া, মধ্যপাড়া ও চরজঙ্গলদী গ্রামের বন্যাকবলিত ১০০ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়। এসব ত্রাণের মধ্যে ছিল ৪ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি আলু, ১ লিটার সয়াবিন তেল, শিশুখাদ্য ও খাবার স্যালাইন।

ত্রাণ বিতরণকালে বন্ধুসভার পরিচালনা পর্ষদের হাসান মাহমুদ, শেরপুর বন্ধুসভার সভাপতি মো. সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মাশুকুর রহমানসহ বন্ধুসভার সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে বন্ধুসভার ব্যবস্থাপনায় গতকাল দিনাজপুরের পশ্চিম বালুয়াডাঙ্গার সাদুরঘাটে ১০০ বন্যার্ত নারীকে শাড়ি দেওয়া হয় l ছবি: প্রথম আলো
প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে বন্ধুসভার ব্যবস্থাপনায় গতকাল দিনাজপুরের পশ্চিম বালুয়াডাঙ্গার সাদুরঘাটে ১০০ বন্যার্ত নারীকে শাড়ি দেওয়া হয় l ছবি: প্রথম আলো

দিনাজপুর

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে বন্যাদুর্গত দিনাজপুরে গতকাল বুধবার শহরের পশ্চিম বালুয়াডাঙ্গার সাদুরঘাট এলাকায় ১০০ নারীকে শাড়ি ও ১০০ শিশুকে খাবার দেওয়া হয়েছে। শিশুদের খাবারের মধ্যে দুই প্যাকেট গুঁড়া দুধ, এক প্যাকেট করে সুজি, হরলিক্স, কেক, বিস্কুট, সাবান ও পাঁচ প্যাকেট খাবার স্যালাইন দেওয়া হয়।

৭০ বছরের তছিরন বেওয়া বলেন, ‘পরনের জন্যি দুইকোনা শাড়ি চায়া চায়া আনছিনু, একখান ছিঁড়ি গেচে তা-ও পরি ব্যাড়াবার নাগে। ম্যালাদিন পর নয়া কাপড় এবার ঈদোত পিনবার পারুম।’

এ সময় উপস্থিত ছিলেন বন্ধুসভার সাধারণ সম্পাদক নাজমুল, সহসভাপতি শরিফুল প্রমুখ।

 মানিকগঞ্জ

‘পোলাপানের বাপে অসুখে পঙ্গু অইয়্যা সাত-আট বছর ধইর‌্যা বিছানায় শোয়। ইটভাটা কাম কইর‌্যা স্বামী-পোলাপান নিয়া কুনোরহম বাঁইচ্যা আছি। বন্যার পানিতে ভাটা ডুইব্যা গেছে, কামকাইজ নাই। বাড়িতও পানি। কেউ খোঁজ ন্যায় নাই। বাড়িত চাল নাই। ধার কইর‌্যা পাঁচ কেজি চাল নিছি। তা-ও পিরায় (প্রায়) শেষ। বাবা তোমাগো পত্তিকার রিলিফ (ত্রাণ) পাইয়্যা পোলাপানগো নিয়ে আরু কয়দিন খাইতে পারুম।’

মানিকগঞ্জ সদর উপজেলায় দীঘি ইউনিয়নের ভাটবাউর গ্রামের জালাল উদ্দিনের স্ত্রী রুবিয়া বেগম ত্রাণ পাওয়ার পর এসব কথা বলেন। গতকাল বুধবার সকালে ওই ইউনিয়নের নতুন বসতি সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে বন্যার্ত ৫০টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

এরপর দুপুরে দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়নে বানভাসি ১০০ পরিবারের মাঝে ত্রাণ সহায়তা দেওয়া হয়।

ত্রাণসামগ্রীর মধ্যে ছিল পরিবারপ্রতি চার কেজি চাল, এক কেজি চিড়া, এক কেজি ডাল, এক চিনি, আধা কেজি তেল, এক কেজি লবণ ও দুটি স্যালাইন। ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন প্রথম আলো মানিকগঞ্জ বন্ধুসভার মাহবুব আলম, শাহিনুর ইসলাম প্রমুখ।

 আক্কেলপুর (জয়পুরহাট)

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার বন্যাপীড়িত অসহায় ও দুস্থ ১০০ পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার আক্কেলপুর পৌর শহরের শহীদ ছমিরউদ্দিন মণ্ডল স্মৃতিপার্ক চত্বরে এই ত্রাণ দেওয়া হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রতি পরিবারকে পাঁচ কেজি জিরাশাইল চাল, দুই কেজি আলু, এক কেজি মসুর ডাল, আধা কেজি সয়াবিন তেল, আধা কেজি লবণ, দুটি স্যালাইন দেওয়া হয়। ২০টি পরিবারে শিশুখাদ্য হিসেবে দেওয়া হয়েছে একটি করে গুঁড়া দুধের প্যাকেট, আধা কেজি চিনি, আধা কেজি সুজি ও দুটি বিস্কুটের প্যাকেট।

ত্রাণসামগ্রীর প্যাকেট পাওয়ার পর পৌর শহরের পারঘাটি এলাকার বাসিন্দা জাবেদ আলী (৬৫) বলেন, ‘মুই অন্তত কয়টা দিন এনা ডাল-ভাত খামু। আল্লাহ তোমাকরে ভালো করুক।’

 কুড়িগ্রাম

এই প্রতিবেদন লেখা পর্যন্ত কুড়িগ্রাম বন্ধুসভার সদস্যরা দুর্গম এলাকায় ত্রাণ বিতরণ করে শহরে ফেরত আসেনি।

 বন্যা ত্রাণ তহবিল

গতকাল যাঁরা সহায়তা করেছেন

নাম প্রকাশে অনিচ্ছুক ১ লাখ, নাম প্রকাশে অনিচ্ছুক ২০ হাজার, ইনস্টিটিউট অব সায়েন্স ট্রেড অ্যান্ড টেকনোলজি মিরপুর ১০ হাজার, নাম প্রকাশে অনিচ্ছুক ৩ হাজার, জাহানারা বেগম ১ হাজার ৫০০ এবং সরাসরি ব্যাংকে জমা ৯৫ হাজার টাকা।

*গতকাল মোট জমা

২,২৯,৫০০ টাকা

এ পর্যন্ত মোট জমা

২৮,৫০,৫০০ টাকা

*২২ জুলাই থেকে গতকাল পর্যন্ত মোট বিতরণ

২৮,৫১,১৫৮ টাকার ত্রাণ

 তহবিলে অর্থ সহায়তার জন্য

প্রথম আলো ট্রাস্ট: ত্রাণ তহবিল

হিসাব নম্বর: ২০৭-২০০-১১১৯৪

ঢাকা ব্যাংক লিমিটেড

কারওয়ান বাজার শাখা