'আমার ভোট চাপা আছে নারীদের মনে মনে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের বদরগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপি প্রার্থীর পক্ষে গতকাল শহীদ মিনার এলাকায় গণসংযোগ করেন লে. জেনারেল (অব.) মাহবুবুর রহম l প্রথম আলো
রংপুরের বদরগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপি প্রার্থীর পক্ষে গতকাল শহীদ মিনার এলাকায় গণসংযোগ করেন লে. জেনারেল (অব.) মাহবুবুর রহম l প্রথম আলো

রংপুরের বদরগঞ্জ পৌরসভা গঠিত হওয়ার ১৬ বছরে এই প্রথম একজন নারী প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁর নাম শামিম আরা বেগম (৩২)। তিনিসহ নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয়জন। শামিম আরা বেগম ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রার্থী হয়ে আম প্রতীক নিয়ে লড়ছেন।
বদরগঞ্জ পৌরসভা কার্যালয় সূত্রে জানা যায়, এই পৌরসভাটি ১৯৯৯ সালে গঠিত। তখন থেকে বদরগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি উত্তম কুমার সাহা একাধারে প্রশাসক, চেয়ারম্যান ও মেয়র পদে দায়িত্ব পালন করে আসছেন। এবারের নির্বাচনেও মেয়র পদে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগে অনুষ্ঠিত পৌর নির্বাচনগুলোতে কাউন্সিলর পদে একাধিক নারী প্রতিদ্বন্দ্বিতা করলেও মেয়র পদে কোনো নারী ছিলেন না।
গত শুক্রবার দুপুরে পৌর এলাকার উত্তর মণ্ডলপাড়া গ্রামে গিয়ে দেখা যায়, শামিম আরা বেগম চারজন সমর্থক নিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। এ সময় তিনি বলেন, ‘আমার দল এনপিপি। আমি নতুন দলের নতুন প্রার্থী। পরিচিত হতে বেশি কথা বলতে হচ্ছে। এ কারণে ভোটারদের দ্বারে দ্বারে আমাকে যেতে হচ্ছে। একমাত্র নারী প্রার্থী হিসেবে আমি যেখানে যাচ্ছি, সেখানেই পুরুষ ভোটারের পাশাপাশি নারী ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছি। নারীরাই আমার ভোট ব্যাংক।’
শামিম আরার প্রত্যাশা, ‘একমাত্র নারী প্রার্থী হিসেবে এলাকার নারী ভোটারেরা আমাকে ভুলে যাবেন না। তাঁরা আমাকে কথাও দিচ্ছেন। আমার ভোট আছে চাপা, নারীদের মনে মনে। তাঁরা এর প্রতিফলন ঘটাবেন ভোটের দিন।’
শামিম আরা বেগম এসএসসি পাস। পেশা কৃষি। ব্যক্তিগত জীবনে এক সন্তানের জননী। স্বামী শাহিনুর ইসলাম ব্যবসায়ী। বাড়ি বদরগঞ্জ পৌরসভার শাহাপুর গ্রামে। শামিম আরার হলফনামা ঘেঁটে দেখা যায়, কৃষি থেকে তাঁর বার্ষিক আয় ৩ লাখ ৩০ হাজার টাকা। নগদ টাকা আছে এক লাখ। কৃষিজমি আছে এক একর ছয় শতক।
বদরগঞ্জ পৌর এলাকার বালুয়াভাটা গ্রামের নারী ভোটার পারভীন আখতার বলেন, ‘আম মার্কার আপা (শামিম আরা বেগম) খুব ভালো। হাসি হাসি কথা কয়। আল্লাহ যোন তাঁক পার করায়।’
বদরগঞ্জ এলাকার ভোটার রহমত আলী বলেন, ‘শামিম আরা অনেক স্মার্ট একজন নারী। তিনি রাজনৈতিক পরিবারের একজন বউ। নারায়ণগঞ্জের মতো এখানে একজন নারী মেয়র হলে ভালো হতো। তাহলে তিনি নারীদের সমস্যাগুলো বুঝতে পারতেন।’