‘যারা আমার চিঠি পড়বেন, তাঁদের কাছে আমার একটাই অনুরোধ—আমার মতো আর কারো জীবন যেন নষ্ট না হয়। এই সব বখাটে ছেলের শিকার যেন আর কাউকে না হতে হয়।’—ইতি চৈতী।মাদারীপুরের কালকিনি পৌর এলাকার দক্ষিণ কৃষ্ণনগর গ্রামের শাহাদাত হোসেন শিকদারের মেয়ে চৈতী আক্তার গত রোববার নিজের ঘরে ফ্যানের হুকের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। তার পরিবারের দাবি, স্থানীয় এক বখাটের অত্যাচারে অতিষ্ঠ হয়ে সে এই পথ বেছে নিতে বাধ্য হয়েছে। মাদারীপুর সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে গতকাল সোমবার পারিবারিক কবরস্থানে চৈতীর লাশ দাফন করা হয়েছে।পারিবারিক সূত্রে জানা গেছে, চৈতী কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী ছিল। কলেজে যাতায়াতের পথে একই এলাকার বখতিয়ার শিকদারের ছেলে সাগর শিকদার প্রায়ই তাকে উত্ত্যক্ত করত। একপর্যায়ে সাগর তাকে প্রেমের প্রস্তাব দিলে সে তা প্রত্যাখ্যান করে। তখন সাগর তাকে হুমকি দেয়—প্রস্তাবে রাজি না হলে তার (চৈতী) ছোট বোনের ক্ষতি করবে। তখন বাধ্য হয়ে সাগরের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে চৈতী। কিছুদিন আগে চৈতীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের কিছু দৃশ্য মুঠোফোনের ভিডিও ক্যামেরায় ধারণ করে সাগর। এরপর ওই ভিডিওচিত্র ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে চৈতীর ছোট বোনের দিকে কুনজর দেয় সাগর। বিষয়টি চৈতী ছোট বোনের কাছে খুলে বলেছিল।আত্মহত্যার আগে চৈতী নিজের ডায়েরির মধ্যে একটি চিঠি লিখে রেখে গেছে। চিঠিতে সে লিখেছে, ‘বখাটে সাগর আমাকে বাঁচতে দিল না, আমাকে নষ্ট করেছে। এখন আমার ছোট বোনকেও নষ্ট করবে বলে হুমকি দিচ্ছে। এ কথাগুলো কাউকে বলতে পারলাম না। আমার বাবা খুব রাগী। তাঁকে খুব সম্মান করি। তাই তার কাছে বলার সাহস হয়নি।...একটা মেয়ে কখন তার জীবনের মায়া ত্যাগ করে। কিন্তু আমি যে বাঁচব, তার কোনো কূল-কিনারা বা পথ খুঁজে পায়নি। বাধ্য হয়ে আমি আত্মহত্যার পথ বেছে নিলাম।...’পরিবারের লোকজনের উদ্দেশে চৈতী লিখেছে, ‘আব্বু-আম্মু, তোমরা আমাকে ক্ষমা করে দিও। দাদু, কাকা, চাঁদনী, আন্না, মুন্না, স্তর্ণা তোমরা কেউ আমার জন্য কাঁদবে না। যারা আমার চিঠি পড়বেন...।’চৈতীর মামা জামাল সরদার বলেন, ‘চৈতীরা যমজ দুই বোন। ওরা দুই বোনই কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের ছাত্রী। কলেজে যাওয়া-আসার পথে সাগর প্রতিনিয়ত চৈতীকে উত্ত্যক্ত করত। পরে সাগর নানা কুপ্রস্তাব দিয়ে হুমকি দেওয়ার পর চৈতী মানসিকভাবে ভেঙে পড়েছিল। তবে সে যে আত্মহত্যার পথ বেছে নেবে, তা আমরা কখনো চিন্তা করিনি।’সাগরকে অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন জামাল সরদার।গতকাল খোঁজ করেও সাগরকে পাওয়া যায়নি। তার বাবা বখতিয়ার শিকদারের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি এ প্রতিবেদককে বলেন, ‘ফোনে সব কথা বলা সম্ভব নয়, আমি এসে আপনার সঙ্গে কথা বলছি।’ এর পর থেকে গতকাল সন্ধ্যা পর্যন্ত তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম গতকাল দুপুরে জানান, এখনো মামলা হয়নি। তবে পুলিশ এলাকায় গিয়ে খোঁজখবর নিচ্ছে। চিঠিটি সত্যিই চৈতীর হাতের লেখা কি না, তা খতিয়ে দেখা হবে।