‘আমার মতো আর কেউ যেন শেষ না হয়’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এক টান দুই টান দিতে দিতে নেশা ধরে গেল। আর ছাড়তে পারলাম না। বাপের যা ছিল সব শেষ। নিজের আপনজন বলতে বউও ছেড়ে চলে গেল। গাঁজা আমার জীবন ধ্বংস করে দিল। আমি শেষ, আমার মতো আর কেউ যেন শেষ না হয়।’কীভাবে গাঁজায় আসক্ত হলেন, জানতে চাইলে জবাবে এ কথাগুলো বললেন পঞ্চগড় সদর উপজেলার পেটুপাড়া গ্রামের ব্রিটিশ (৪০) নামের এক ব্যক্তি। আজ থেকে ২০ বছর আগে পঞ্চগড় চিনিকলের ট্রাকচালকের সহকারী হিসেবে কাজে যোগ দিয়েছিলেন তিনি। ব্রিটিশ জানান, তখন ট্রাকের চালক এবং অন্য এক সহকারী গাঁজা টানতেন। তাঁরা গাঁজা টেনে তাঁকে দিতেন টানতে। এভাবে আসক্ত হয়ে গেলেন। অনেক চেষ্টা করেও আর ছাড়তে পারেননি এই মরণনেশা।ব্রিটিশ বলেন, ‘১৫-১৬ বছর আগে গ্রামে চলে আসি। ট্রাক্টর চালাই। যা পাই, তা দিয়ে সংসার চলে যেত। গাঁজার জন্য বাড়তি কিছু খরচ হতো। একসময় বাড়িতে গাঁজার চাষও করতাম। বিডিআর বাধা দেওয়ায় চাষ বন্ধ করে দিই। এক এক করে তিনজনকে বিয়ে করলাম। গাঁজা খাই বলে সবাই ছেড়ে চলে গেল।’ব্রিটিশ বাবার একমাত্র ছেলে। তাঁর দুই বোনের বিয়ে হয়ে গেছে। বাবার রেখে যাওয়া এক বিঘা জমিও বিক্রি করে দিয়েছেন। এখন তাঁর ভিটেবাড়িও নেই। ভবঘুরে জীবন যাপন করেন। মাঝেমধ্যে বোনদের বাড়িতে থাকেন।স্বাভাবিক ও সুস্থ জীবনে ফিরতে চান ব্রিটিশ। নতুন করে জীবন শুরু করতে চান। কিন্তু কীভাবে সুস্থ জীবনে ফিরে আসতে হয়, জানা নেই তাঁর।