'আমার মনটা ভরে গেল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান

‘আমার মনটা ভরে গেল!’ বললেন কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন। তিনি গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এসেছিলেন বইমেলার ‘অনন্যা প্রকাশনী’র স্টলে। তাঁকে জিজ্ঞেস করলাম, কেমন লাগছে এবারের মেলা। তিনি বললেন, ‘ভাবতে ভালো লাগছে আমাদের বইমেলা বড় হয়েছে, সোহরাওয়ার্দী উদ্যানে এসেছে, গতবারের তুলনায় এবারের সাজসজ্জা ভালো, এটা আন্তর্জাতিক চেহারা পাচ্ছে।’ অনন্যার স্টলটাই তো প্যাভিলিয়ন। কী চমৎকার করে সাজানো হয়েছে ইউপিএলের স্টলটা। সুন্দর করে সাজানো হয়েছে বাংলা একাডেমি, প্রথমা, মাওলা ব্রাদার্স, অন্যপ্রকাশ, পাঠক সমাবেশ, অ্যাডর্ন, সময় প্রকাশন, ঐতিহ্য, কাকলী, তাম্রলিপি, অনুপমসহ অনেকের বইবিতানগুলো।

নবাব সিরাজ–উদ–দৌলা- আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া
নবাব সিরাজ–উদ–দৌলা- আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া

কাল বেলা তিনটার দিকেই ঢুকে পড়লাম বইমেলার বাংলা একাডেমি চত্বরে। এখানে মূলত সরকারি-বেসরকারি সংগঠনের স্টল, সঙ্গে লিটল ম্যাগাজিন চত্বর, শিশু একাডেমি, মুক্তধারা, বাংলা একাডেমির স্টল। বাংলা একাডেমি থেকে বড় বাংলা অভিধান কিনতে গিয়ে দাম জানলাম মাত্র ২৮০ টাকা, একটার জায়গায় দুটোই কিনে ফেললাম ১৪৩০ পৃষ্ঠার বই। শেষ শীতের উষ্ণ অপরাহ্ণে বইমেলায় দল বেঁধে এসেছিল স্কুলের শিশুরা, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে করে। আমাকে দেখে মিরপুর আলোড়ন স্কুলের শিক্ষকেরা বললেন, ছবি তুলতে হবে বাচ্চাদের সঙ্গে, এক বাচ্চা প্রতিবাদ জানাল, ‘না, আমি ছবি তুলব না।’ এই হয়! বড়দের শখ হয়, তাঁরা ছোটদের এগিয়ে দেন, ছোটরা ভ্রু কুচকে তাকায়, এই কাঁচা-পাকা লোকটা কে? রাদিয়া নামের মেয়েটি অবশ্য শেষে ছবি তুলল, অটোগ্রাফ নিল, একটু পরে আবার এসে বলল, ‘হ্যান্ডশেক করব।’ খুশিতে সে লাফাচ্ছিল। আমি সবাইকেই বললাম, কিশোর আলো পড়ো? অনেকেই বলল, তারা পড়ে।
২৬ বছর আগে আমি বইমেলা প্রতিদিন লিখতাম পত্রিকার পাতায়। তাই কী করতে হয় আমার জানা আছে। পুকুরের পাড় দিয়ে হেঁটে লিটল ম্যাগাজিন চত্বর ঘুরে বর্ধমান হাউসের ঝুল বারান্দার কাছে এসে দেখা পেলাম শিশুসাহিত্যিক আলী ইমামের। তিনি বিটিভির হয়ে রোজ অনুষ্ঠান উপস্থাপনা করেন, জানতে চাইলাম, ‘কেমন হচ্ছে মেলা’। বললেন, ‘মেলা তাই যা মেলায়, বই সবাই না কিনলেও ক্ষতি নেই, বইয়ের মেলায় মানুষ আসছে তো।’
তারপর নজরুল মঞ্চে বটগাছের নিচে গিয়ে পড়া গেল মোড়ক উন্মোচনের অনুষ্ঠানে। এখানে আপনি দেখা পাবেন কবি টিমুনী খানের। তাঁর সঙ্গে সেই ২৮ বছর আগে জাতীয় কবিতা উৎসবে পরিচয়। তিনি ২৭ বছর ধরে এই বটতলায় মোড়ক উন্মোচনের অনুষ্ঠানের স্বনিয়োজিত উপস্থাপক। তিনি এটা করেন, কারণ, তাঁর ভালো লাগে।

আমার বাবা রবীন্দ্রনাথ-রথীন্দ্রনাথ ঠাকুর, কবির চান্দ অনূদিত
আমার বাবা রবীন্দ্রনাথ-রথীন্দ্রনাথ ঠাকুর, কবির চান্দ অনূদিত

বাংলা একাডেমিতে সব দাপ্তরিক স্টল, আসল প্রকাশকেরা তো সবাই সোহরাওয়ার্দী উদ্যানে। এবার যাওয়া যাক সেখানে। পা রাখতেই পুলিশ ভাইয়েরা অভ্যর্থনা জানিয়ে নিয়ে গেলেন তাঁদের কন্ট্রোল রুমে। এসআই মাহফুজুর রহমান, মামুন ফরাজী, সঙ্গে শাহবাগ থানার ওসি সিদ্দিক সাহেব আর ওসি অপারেশন আবুল কালাম আজাদ। তাঁরা বললেন, পুরো বইমেলা আর তার আশপাশের এলাকা তাঁরা ঘিরে রেখেছেন, দেড় হাজার সদস্য সদাসতর্ক, সিসি ক্যামেরা আছে, ওয়াচ টাওয়ার আছে। পুলিশ ছাড়াও আছে র্যাবের স্ট্রাইকিং ফোর্স। তাঁরা বললেন, ‘এবার ফুটপাতে কোনো হকারকেই বসতে দেওয়া হয়নি। আমরা নিরাপত্তার পাশাপাশি পরিবেশ সুন্দর রাখারও চেষ্টা করছি।’

নির্বাচিত উপন্যাস-আসিফ নজরুল
নির্বাচিত উপন্যাস-আসিফ নজরুল

হাঁটতে হাঁটতে এ স্টল ও প্যাভিলিয়ন। বাংলা একাডেমির তথ্য, কাল মেলার ১১তম দিনে নতুন বই এসেছে ১৩১টি। প্রথমা প্রকাশন এনেছে নবাব সিরাজ-উদ-দৌলা। ফারসি থেকে এটি অনুবাদ করেছেন আবুল কালাম মোহাম্মদ যাকারিয়া। এবারই মেলায় বাংলা একাডেমি প্রকাশ করেছে বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। অ্যাডর্ন পাবলিকেশনস এনেছে আমার বাবা রবীন্দ্রনাথ। এটি অনুবাদ করেছেন কবির চান্দ। আসিফ নজরুলের নির্বাচিত উপন্যাস এনেছে অনন্যা। ঘুরতে ঘুরতে মাওলায় চোখে পড়ল জয়া চ্যাটার্জীর লেখা দেশভাগের অর্জন, প্রথমায় মালেকা বেগমের শুভ্র সমুজ্জ্বল, সুবর্ণতে মুনতাসীর মামুনের মুক্তিযুদ্ধ সমগ্র ৩, বাংলা একাডেমিতে আবদুশ শাকুরের রবীন্দ্রজীবন, বাংলাপ্রকাশে হাসান ফেরদৌসের সালভাদর দালির মিস বাংলাদেশ, মাহবুবুল হকের ইতিহাস ও সাহিত্য, অন্বেষায় নঈম নিজামের চাঁদের আলোয় মৃত্যু দেখা, কাকলীতে মুহম্মদ জাফর ইকবালের তিতুনি ও তিতুনি, অনুপমে দ্বিজেন শর্মার সাহিত্যসমগ্র, অনন্যায় ইমদাদুল হক মিলনের ছোট সবুজ মানুষ, ইউপিএলে সৈয়দ নাজিমউদ্দীন হাশেমের লেখা মোজাইক অব লস্ট এরা, সিঁড়িতে ফখরুল আবেদিন মিলনের গল্পকথায় শুভবার্তা, সময় প্রকাশনে সুমন্ত আসলামের আই সি দি সান। জাগৃতি প্রকাশনীর কাছে যেতে পা টানছিল না, ওইখানে যাব! দূর থেকে দেখা যাচ্ছে ফয়সল আরেফিন দীপনের বড় ছবি, গতবারও তিনি আমার ব্রাজিল ভ্রমণকাহিনি প্রকাশ করেছিলেন, মনে হচ্ছিল এক্ষুনি আসবেন তিনি, বলবেন, কাল বই এসে যাবে। আহা, এমন দেবদূতের মতো চেহারার মানুষটাকে কেন মারা হলো এমন করে?
আজ কিন্তু অনেক নতুন বই আসলেই আসবে। শুক্রবার ছুটির দিন। মেলা বসবে সকাল থেকে। আর আজ মাঘের শেষ দিন। আগামীকাল ছুটির দিনের মেলা বাসন্তী রঙে উজ্জ্বল হয়ে ফুটে উঠবে। প্রকাশকদের মুখে হাসি ফুটবে আজ থেকেই। ২ ফাল্গুন ভালোবাসা দিবস। পাঠকদের বইয়ের প্রতি ভালোবাসার নজিরও দেখা যাবে মেলাতে।
তবে পাঠকদের বোধ হয় বিশেষভাবে জানানো দরকার, তারা যে ধরনের বই খোঁজেন, সেসবের প্রকাশকেরা কিন্তু সবাই সোহরাওয়ার্দী উদ্যানে। সে প্রথমাই হোক কিংবা হোক সময় বা অন্যপ্রকাশ।