আমার মা ছিলেন রূপকথার গল্পের মতো—সাহসী, দয়ালু। অনেক কাজে ব্যস্ত থাকতেন। মানুষের সম্পর্কে উচ্চ ধারণা ছিল তাঁর।
সদ্য প্রয়াত মুক্তিযোদ্ধা শিরিন বানু সম্পর্কে বলছিলেন তাঁর তিন সন্তান জয়া তাসনিম রহমান, তাহসিনুর রহমান ও তন্বী নওশিন। গতকাল শনিবার সকালে শিরিন বানুর স্মরণে আয়োজিত এক শোকসভায় তাঁরা মায়ের স্মৃতিচারণা করেন। তন্বী নওশিন বলেন, ‘আমরা যে সময় বড় হয়েছি, সে সময়টা চাকচিক্য আর আত্মপ্রচারের সময়। কিন্তু মা ছিলেন ব্যতিক্রম।’
মুক্তিযুদ্ধ জাদুঘরে এ শোকসভার আয়োজন করে বাংলাদেশ সেক্টর কমান্ডারস ফোরাম—মুক্তিযুদ্ধ ’৭১-এর কেন্দ্রীয় নারী কমিটি। এর সহসভাপতি ও শোকসভার সভাপতি নাসিমুন আরা হক বলেন, একাত্তরে পাবনার যুদ্ধে ৩৬ জন পাকিস্তানি সেনাকে হত্যা করা হয়। মুক্তিযোদ্ধাদের এ দলে শিরিন বানু একমাত্র নারী ছিলেন। তিনি স্বাধীনতার পরও অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক দেশ তৈরি করতে কাজ করে গেছেন।
সেক্টর কমান্ডারস ফোরামের চেয়ারম্যান কে এম সফিউল্লাহ বলেন, ‘বেঁচে থাকতে শিরিন বানুকে সম্মান জানাতে পারিনি। এ রকম আরও অনেক জীবিত মুক্তিযোদ্ধা আছেন। তাঁদের খুঁজে বের করে যথাযথ সম্মান জানাতে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের উদ্যোগ নেওয়া দরকার।’
শোকসভায় আরও বক্তব্য দেন সেক্টর কমান্ডারস ফোরামের মহাসচিব হারুন হাবিব, সহসভাপতি লেফটেন্যান্ট জেনারেল হারুনর রশীদ, নুরুল আলম, ম. হামিদ, নারী কমিটির সাধারণ সম্পাদক বুলবুল মহলানবীশ, শিরিন বানুর বন্ধু ও সহকর্মী অ্যারোমা দত্ত প্রমুখ।