'আমার মা নিজের জন্য কখনো কিছু চাননি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমার মা নিজের জন্য কখনো কিছু চাননি। সারা জীবন এই দেশের কল্যাণে, মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তিনি এ দেশকে গভীরভাবে ভালোবাসতেন। আব্বার সঙ্গে থেকেই তিনি স্বপ্ন দেখতেন—এ দেশের মানুষ ভালো থাকবে, সুখে-শান্তিতে বাস করবে। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বাবার পাশে থেকে সেই স্বপ্ন পূরণে সহায়তা করেছেন।’

প্রধানমন্ত্রী আজ সোমবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শেখ ফজিলাতুন্নেছার ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন।

‘মায়ের আত্মত্যাগ বাবাকে এগিয়ে নিয়েছে বলেই স্বাধীনতা এনে দিতে পেরেছেন তিনি’—এ কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘দলের কাজকর্ম, আন্দোলন-সংগ্রামে নিজের সম্পদ দিয়ে সাহায্য করতেন মা। মা-বাবা কখনো আমাদের অভাব বুঝতে দেননি। কৌশলে সেসব অভাব মেটাতেন আর আমাদের ভিন্নভাবে বোঝাতেন। মানুষকে কখনো না বলতে পারতেন না। তাঁর কাছে নেই বলে কিছু ছিল না।’

প্রধানমন্ত্রী বলেন, ‘অনেক ধৈর্য ধরে পরিবার সামলাতেন মা। আব্বা বারবার কারাগারে যাওয়ার ফলে এমনও দিন গেছে যে বাজার করতে পারেননি। আমাদের বলেননি, আমার টাকা নাই। চাল-ডাল দিয়ে খিচুড়ি রান্না করে আচার দিয়ে বলতেন, “চলো আজ আমরা খিচুড়ি খাব।”’ তিনি আরও বলেন, ‘বাবা জেলে। সংসার ও সংগঠনের জন্য টাকার জোগাড় করতে গিয়ে মা বাড়ির ফ্রিজটি পর্যন্ত বিক্রি করে দিচ্ছেন। অথচ বললেন, “ঠান্ডা পানি খাওয়া ভালো নয়। শরীর খারাপ হতে পারে। কাজেই এর আর দরকার নেই।”’

অসাধারণ স্মৃতিশক্তির অধিকারী বেগম মুজিবকে জীবন্ত টেপ রেকর্ডার বলেও এ সময় শেখ হাসিনা উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘খুব অল্প বয়সেই সংসারী হওয়ায় আমার মা আর আমার মধ্যে বয়সের ব্যবধান খুব বেশি ছিল না। আমিই ছিলাম মায়ের সঙ্গী। আমার বাবা-মায়ের মধ্যে বোঝাপড়াটা খুব ভালো ছিল। বাবাকে কোনো পরামর্শ দিতে হলেই আমি চলে যেতাম মায়ের মিশন নিয়ে। বাবা ভিড়ের মধ্যেও আমাকে একবার দেখলেই বুঝতে পারতেন জরুরি কোনো মেসেজ আছে।’ প্রধানমন্ত্রী বলেন, তিনিই বোধ হয় সবচেয়ে আগে জানতেন যে এই দেশ একদিন স্বাধীন হবে। এ জন্য তিনি কোনো দিন করাচিতে যাননি, যেতেও চাননি।

১৬ ডিসেম্বর দেশ স্বাধীন হলেও ১৭ ডিসেম্বর তাঁরা ধানমন্ডির একটি বাড়িতে পাকিস্তানি বাহিনীর বন্দিদশা থেকে মুক্তি পান উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশ স্বাধীন হলেও জানি না আব্বা বেঁচে আছেন কি না? এ সময়টায় আম্মার যে মনোবল আমরা দেখেছি, তা কল্পনা করা যাবে না। স্বামীকে পাকিস্তানিরা ধরে নিয়ে গেছে, দুই ছেলে মুক্তিযুদ্ধে, তিনি তিন সন্তানসহ গৃহবন্দী। সবার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। অসীম সাহস এবং ধৈর্য নিয়ে মা এ পরিস্থিতি মোকাবিলা করেছেন।’

প্রধানমন্ত্রী বলেন, বেগম মুজিব কোনো দিন বিলাসিতাকে প্রশ্রয় দেননি এবং তাঁর সন্তানদেরও সেভাবে গড়ে তোলেন। বঙ্গবন্ধুর রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার সময় ছেলেমেয়েরা যাতে বিলাসব্যসনে ব্যস্ত হয়ে না পড়েন, সেদিকে সব সময় সতর্ক দৃষ্টি রেখেছেন।

রাজনৈতিকভাবে মা কতটা সচেতন ছিলেন, সেটা দেখার সৌভাগ্য হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘মায়ের জীবনে অনেক ঘাত-প্রতিঘাত এসেছে। কিন্তু মাকে কখনো ভেঙে পড়তে দেখিনি। কখনো দেখিনি বাবাকে রাজনীতি ছেড়ে দিতে বলেছেন। কোনো প্রয়োজনেও বাবাকে বিরক্ত করেননি তিনি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘এই আগস্ট মাসে আমার মা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্ম হয়েছে এবং আমার ভাই শেখ কামালের জন্ম হয়েছে। আবার এ মাসেই ঘাতকেরা আমার মা-বাবা, ভাই কামাল, জামাল, রাসেলসহ পরিবারের ১৮ সদস্যকে হত্যা করেছে।’ দেশবাসীর কাছে মায়ের জন্য দোয়া চেয়ে তিনি বলেন, ‘এই দেশের স্বাধীনতা অর্জনে আমার মায়ের ভূমিকা ছিল। এ বিষয়টি সবার জানা দরকার। না হলে আমি একদিন মরে গেলে এই তথ্য তো অজানাই থেকে যাবে।’