'আমার মাইয়াডারে অরা মাইর্যা হালাইছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমার মাইয়াডারে অরা মাইর্যা হালাইছে। আমি এইয়ার বিচার চাই৷’ আহাজারি করে কথাগুলো বলছিলেন ঢাকার রূপনগরে গৃহপরিচারিকার কাজে গিয়ে লাশ হয়ে ফিরে আসা কিশোরী দিতিমণির মা হাসিনা বেগম।
পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের মাদ্রাসা সড়কের বাড়িতে গতকাল শনিবার সকালে গেলে দেখা যায়, দরিদ্র পরিবারটিতে মাতম চলছে। হাসিনা বেগম বলেন, ‘প্রায় ছয় মাস আগে কলাপাড়া পৌরসভার কাউন্সিলর মিলি হ্যাগো ঢাকার রূপনগরের বাসায় দিতিমণিরে কাজের লাইগ্যা নেয়। মাইয়াডা আমারে ফোনে কইছে, কাউন্সিলর মিলির ছেলে প্রায় সময়ই বিভিন্ন কাজের অজুহাতে মাইয়াডারে মারত।’
দিতির পরিবারের লোকজন জানান, ১৬ জুন একটি কাচের মগ ভাঙার অপরাধে কাউন্সিলর নিগার সুলতানা মিলির ছেলে রূপ দিতিকে বেধড়ক মারধর করেন। এ সময় রূপ তাঁর বন্ধুদের নিয়ে বাসায় আড্ডা দিচ্ছিলেন। বাসায় পরিবারের অন্য সদস্যরা এ সময় ছিলেন না। মারধরের পর দিতি জ্ঞান হারিয়ে ফেললে রাজধানীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে নিয়ে তাড়াহুড়া করে ভর্তি করা হয়। ১৯ জুন পরিবারের কাছে দিতির লাশ হস্তান্তর করা হয়৷
রূপনগর থানার ওসি সিকদার মো. শামিম হোসেন বলেন, ফারদিন ইসলাম রূপকে (২২) গ্রেপ্তার করা হয়েছে।