‘আমার মাকে দ্বিতীয় দফা খুন করল পুলিশ’
‘আমার মা মুক্তিযোদ্ধা ছিলেন। দেশ ও মাটির প্রতি ছিল তাঁর অকৃত্রিম টান। আমরা সবাই দেশের বাইরে থাকলেও তিনি মাটির টানে দেশেই ছিলেন। তাঁকে নৃশংসভাবে খুনের খবরে আমরা ছুটে আসি। কিন্তু পুলিশ খুনের ঘটনা উদ্ঘাটনের নামে যা করল, তাতে আমরা শুধু বিস্মিত নই, দারুণভাবে মর্মাহত। মনগড়া অভিযোগপত্র দিয়ে পুলিশ আমার মাকে দ্বিতীয় দফা খুন করল।’ সিলেটে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের (ক্রয়) ব্যবস্থাপক নারী মুক্তিযোদ্ধা নিহত আনোয়ারা আবেদীনের বড় ছেলে তৌহিদুল আবেদীন চৌধুরী গতকাল সোমবার সংবাদ সম্মেলনে এ কথা বলেন। তিনি ঘটনার পুনঃ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটনে সরকারের সব মহলের সহযোগিতা চান।আনোয়ারার দুই ছেলে ও এক মেয়েসহ স্বামী দেশের বাইরে থাকেন। গত বছর ৯ ডিসেম্বর আনোয়ারা আবেদীনের মরদেহ নগরের পুলেরপাড় নিজ বাসা থেকে উদ্ধার করে পুলিশ। গত রোববার পুলিশ মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করে। এতে গ্রেপ্তার হওয়া একমাত্র উসমান গনিকে (২২) অভিযুক্ত করা হয়। সংবাদ সম্মেলনে তৌহিদুল আবেদীন চৌধুরী লিখিত বক্তব্যে বলেন, ‘উসমানকে গ্রেপ্তার ও তাঁর স্বীকারোক্তি নিয়ে আমরা শুরুতেই সন্দেহ প্রকাশ করি এবং প্রতিবাদ জানাই। কিন্তু পুলিশ তা আমলে নেয়নি।’হত্যার ঘটনাটি একজনের দ্বারা সম্ভব নয় উল্লেখ করে জানিয়ে তিনি বলেন, ‘আমাদের মনে অনেক প্রশ্ন আছে। এসব প্রশ্নের কোনোটিরই উত্তর আমরা পাইনি। একটি ঘটনার তদন্ত হলে কোনো প্রশ্ন থাকার কথা নয়। আমরা সুষ্ঠু তদন্ত চাইতে গিয়ে পুনরায় তদন্ত দাবি করছি। এ জন্য আদালতে অভিযোগপত্রের ওপর নারাজি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’