'আমার মাকে বাঁচান আপনারা'
নারায়ণগঞ্জের আড়াইহাজারের এক দরজি ব্যবসায়ী ও তাঁর পঞ্চাশোর্ধ্ব মা করোনায় আক্রান্ত হয়েও রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসা পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। হাসপাতালে ভর্তি হতে না পেরে বারান্দায় পড়ে আছেন তাঁরা। তাঁর আড়াই বছরের সন্তানকে জ্বর ও সর্দি–কাশিতে আক্রান্ত হয়ে এই হাসপাতালে গুরুতর অবস্থায় নেওয়া হলেও সেখানেই তার মৃত্যু হয়েছে। সেই শিশুর লাশও দেওয়া হচ্ছে না।
করোনায় আক্রান্ত এই ব্যক্তির ভাষ্য, তাঁর আড়াই বছরের ছেলেকে নিয়ে মঙ্গলবার রাত তিনটার দিকে আড়াইহাজারের বাড়ি থেকে রওনা দিয়ে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে সকাল ছয়টায় পৌঁছান। হাসপাতালের ৫ তলার ৫৩ নম্বর বেডে তাঁর ছেলেকে ভর্তি করানো হয়। কিন্তু তাঁর ছেলেকে ভর্তি করা হলেও কোনো চিকিৎসা দেননি চিকিৎসকেরা। চিকিৎসা না পেয়ে সকাল সাড়ে নয়টার দিকে ছেলেটার মৃত্যু হয়।
ভুক্তভোগী ব্যক্তি বলেন, ‘আমার ছেলে করোনায় আক্রান্ত নয়। নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়নি। এখন (বুধবার) রাত সাড়ে নয়টা বাজলেও ছেলের লাশ দিচ্ছে না, ছাড়পত্রও দিচ্ছে না। আবার করোনায় আক্রান্ত আমি ও আমার পঞ্চাশোর্ধ্ব মাকে হাসপাতালে ভর্তিও করছে না। আমি ও আমার মা হাসপাতালের বারান্দায় পড়ে যন্ত্রণায় কাতরাচ্ছি। চিকিৎসকদের বারবার অনুনয়-বিনয় করলেও আমাদের ভর্তি করছেন না।’
এই ব্যক্তি বলেন, চিকিৎসকেরা তাঁর কাছে করোনার নমুনা পরীক্ষার প্রতিবেদনের কাগজ চাইছেন। তিনি এখন কোত্থেকে কাগজ এনে দেবেন। তাঁরা গরিব মানুষ, গাড়ি চলাচলও বন্ধ। তাঁর ও তাঁর মায়ের পক্ষে নারায়ণগঞ্জে গিয়ে সেই কাগজপত্র এনে দেওয়া সম্ভব নয়। তিনি নারায়ণগঞ্জের চিকিৎসকদের সঙ্গে তাঁদের (কুর্মিটোলা হাসপাতালের চিকিৎসকেরা) কয়েক দফা কথা বলানোর চেষ্টা করেছেন। কিন্তু তাঁরা কেউ কথা বলেননি। তিনি বলেন, ‘আমার মাকে বাঁচান আপনারা। আমার মা কষ্ট সহ্য করতে পারছেন না। এখন আমরা কোথায় যাব? কী করব, ভেবে পাচ্ছি না।’
অসুস্থতায় কাতর এই ব্যক্তি আরও বলেন, তাঁর বাবা করোনায় আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইলে করোনা আইসোলেশন হাসপাতাল (সাজেদা হাসপাতালে) ভর্তি আছেন। তাঁর এক বছরের সন্তান করোনায় আক্রান্ত বাড়িতে তার মায়ের কাছে।
আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা আশরাফুল আলম বলেন, ওই ব্যক্তির আড়াই বছরের সন্তান সর্দি, ঠান্ডাজ্বরে আক্রান্ত হয়ে কুর্মিটোলা হাসপাতালে মারা গেছে। শিশুটির দাদা-দাদি, বাবা ও ছোট ভাইও করোনায় আক্রান্ত। তবে মারা যাওয়া শিশুর নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়নি। তার দাদা সাজেদা হাসপাতালে আইসোলেশনে ভর্তি। ছোট ভাই বাড়িতে আগের চেয়ে ভালো আছে।
এ বিষয়ে জেলা করোনাবিষয়ক ফোকাল পারসন নারায়ণগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, স্ত্রী বাদে এক বছরের শিশুসহ পরিবারটির চারজন করোনায় আক্রান্ত। তাদের জরুরি হাসপাতালে ভর্তি হওয়া প্রয়োজন। তাদের ভর্তির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।