'আমার মাথায় বাড়ি দিল কে?'

‘আমার মাথায় বাড়ি দিল কে?’—ব্যথায় কখনো চিত্কার করে, কখনো কাতরকণ্ঠে বলছিলেন পঞ্চাশোর্ধ্ব দিনমজুর আবদুর রহমান। আজ সোমবার হরতাল-সমর্থকদের ছোড়া ককটেলে তাঁর বাঁ চোখ গলে গেছে। বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের চারতলায় পুরুষ ওয়ার্ডের ২৭ নম্বর বেডে তীব্র যন্ত্রণায় ছটফট করতে দেখা গেছে তাঁকে।
আবদুর রহমানের গ্রামের বাড়ি পটুয়াখালী দশমিনায়। থাকেন কেরানীগঞ্জে। স্ত্রী-সন্তানসহ পুরো পরিবার থাকে গ্রামের বাড়িতে। ঢাকায় তিনি দৈনিক মজুরির ভিত্তিতে রংমিস্ত্রির কাজ করেন।
আবদুর রহমানের স্বজন ও সঙ্গীরা জানিয়েছেন, গত পাঁচ দিন ধরে কোনো কাজ পাননি আবদুর রহমান। আজ যেভাবেই হোক কাজ জোগাড় করতেই হবে। না হলে গ্রামের বাড়িতে থাকা স্ত্রী, তিন ছেলেমেয়ের মুখে অন্ন জুটবে না।
এ কারণে পুরান ঢাকার রায়সাবাজার মার্কেটের সামনে সকাল ১০টার দিকে কাজের আশায় বসেছিলেন আবদুর রহমান।
আবদুর রহমানের সঙ্গে থাকা তাঁর সহকারী জালাল হোসেন জানান, একটি চায়ের দোকানে বসেছিলেন আবদুর রহমান। আচমকা দুর্বৃত্তদের ছোড়া একটি ককটেল আবদুর রহমানের সামনে বিস্ফোরিত হয়। সঙ্গে সঙ্গে তাঁর বাঁ চোখ গড়িয়ে রক্ত ঝরতে থাকে।
জালাল বলেন, পকেটশূন্য থাকায় আবদুর রহমানকে হাসপাতালে নেওয়া সম্ভব হচ্ছিল না। আশপাশের লোকজনের কাছ থেকে টাকা নিয়ে কোনো মতে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয় তাঁকে। সেখান থেকে চিকিত্সকদের পরামর্শে আবদুর রহমানকে আনা হয় জাতীয় চক্ষু ইনস্টিটিউটে। প্রাথমিক চিকিত্সা করে চোখে ব্যান্ডেজ দিয়ে রক্ত পড়া বন্ধ করেন জরুরি বিভাগের চিকিত্সকেরা।
আবদুর রহমানের ছোট ভাই মো. রফিক বলেন, ‘ডাক্তাররা জানাইসে আমার ভাইয়ের বাঁ চোখ একেবারে গলে গেছে। রক্ত পড়া বন্ধ করা হয়েছে।’ তিনি বলেন, প্রচণ্ড ব্যথা থাকায় তাঁর ভাইয়ের আজ অস্ত্রোপচার করা সম্ভব হবে না। আগামীকাল করাতে হবে। তিনি বলেন, ‘সাত হাজার টাকা লাগব। এত টাকা এখন পামু কই?’
শয্যাশায়ী আবদুর রহমানের পাশে দাঁড়ানো মো. রফিক জানান, তিনি নিজেও রংমিস্ত্রি। ভাইয়ের দুর্ঘটনার খবর পেয়ে কাজ ফেলে এসেছেন। একদিন কাজ না করলে মজুরি মিলবে না।
রফিক বলেন, ‘পেটের খাবারই মিলব কিনা জানি না। ভাইয়ের অপারেশনের ট্যাকা পামু কই!’
জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক হাসিবুল হাসান জানান, শারীরিক অবস্থা ভালো না থাকায় মঙ্গলবার সকালে আবদুর রহমানের অস্ত্রোপচার করা হবে। এর অগে বেশ কটি ইনজেকশন দিতে হবে তাঁর শরীরে। তিনি বলেন, আবদুর রহমানের চোখের ভেতর থেকে একটি লোহার টুকরো (স্প্লিন্টার) বের করা হয়েছে। তাঁর দৃষ্টি ফিরে পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।