'আমার মারে দেহি না ক্যান?'

ছয় বছরের পাপড়ি চোখের সামনে দেখেছে অ্যাসিডদগ্ধ মায়ের বীভৎস চেহারা। মারা যাওয়ার পর সবাই কান্নাকাটি করেছে; তাও দেখেছে। তবে অবচেতন মনেই সে মাকে খুঁজে বেড়ায়। খালাদের কাছে জানতে চায় ‘আমার মারে দেহি না ক্যান? ’
পাপড়ি নারায়ণগঞ্জের ইয়াসমিন আক্তারের মেয়ে। ইয়াসমিনের গায়ে তাঁর স্বামী সালাহ উদ্দিন ওরফে পলাশ ও অন্যান্যরা মিলে ২৩ মার্চ অ্যাসিড ছুড়ে মারেন। তাঁর শরীরের ৬০ ভাগেরও বেশি অংশ ঝলসে যায়। চিকিৎসাধীন অবস্থায় ২৬ মার্চ তিনি মারা যান। পাপড়ি ছাড়াও রাফসান (১১) এবং পুষ্প (৭) নামের তিনটি সন্তান রেখে গেছেন। তারা এখন বড় হচ্ছে তাদের মামা শাহ আলমের সংসারে।

আজ মঙ্গলবার সকালে এসিড সারভাইভারস ফাউন্ডেশন ফাউন্ডেশনের প্রতিষ্ঠার ১৬ বছর পূর্তি এবং ইয়াসমিন হত্যার বিচার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে ইয়াসমিনের মা জায়েদা বেগম, দুই ভাই, বোন এবং তিন ছেলে মেয়ে উপস্থিত হন। তাঁরা এ হত্যার বিচার দাবি করেন। মানববন্ধন শেষে ইয়াসমিনের তিন ছেলে মেয়ের সঙ্গে কথা বলার চেষ্টা করলেও তারা কেউ কোনো কথা বলেনি। অস্বাভাবিক নিশ্চুপ তারা। বাবা মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করতেন কি না জানতে চাইলে রাফসান শুধু মাথা নেড়ে ‘হ্যাঁ’ উত্তরটি জানিয়ে দিল। পাপড়ির হাতে থাকা পটেটো চিপসের প্যাকেট খুলে আপনমনেই সে খাচ্ছিল।
মানববন্ধনেও গণমাধ্যমকর্মীরা রাফসান, পাপড়ি ও পুষ্পর মুখ থেকে কিছু শুনতে চান। তখনো তারা কথা বলেনি। পাপড়ি ও পুষ্প মায়ের হত্যার বিচার চায় বলে জানালেও রাফসান ছিল নীরব।
মানববন্ধনে জানানো হয়েছে, নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় ঘটনার পরপরই মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত ৭ আসামির মধ্যে ৫ জন গ্রেপ্তার হলেও মামলার প্রধান আসামি ইয়াসমিনের স্বামীসহ আরও একজন পলাতক। অন্যদিকে মা হারিয়ে চরম নিরাপত্তাহীনতা ও মানবেতর দিন কাটাচ্ছে ইয়াসমিনের তিন ছেলে মেয়ে। মানববন্ধনে তিন সন্তানের নিরাপত্তা ও পুনর্বাসন নিশ্চিত করা এবং আইনে নির্ধারিত ৯০ কার্যদিবসের মধ্যেই বিচার প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানানো হয়েছে।
ইয়াসমিনের ভাই শাহ আলম প্রথম আলোকে জানান, ১৩ বছরের বিবাহিত জীবনে ইয়াসমিন বলতে গেলে প্রতিদিনই অত্যাচারের সম্মুখীন হতেন। স্বামী প্রায় সময়ই মেরে ফেলার হুমকি দিতেন। তবে তিন সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে ইয়াসমিন সব সহ্য করতেন। ছয় লাখ টাকা যৌতুক দিতে হয়। আরও পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করে।

ইয়াসমিনের বাবা মারা গেছেন এক বছর আগে। বাবা মারা যাওয়ার পর থেকে ইয়াসমিন আর স্বামীর বাড়ি যাননি। বাপের বাড়িতে থেকে কাপড় বিক্রি করে তিন ছেলে মেয়ে নিয়ে দিন কাটাচ্ছিলেন। স্বামী যাতে তাঁকে তালাক দেন সে আবেদনও করেন স্বামীর কাছে। তবে এ কাকুতিমিনতিতেও কোনো লাভ হয়নি। ঘটনার দিন ইয়াসমিনের স্বামী তিন ছেলে মেয়েকে নিয়ে যান। আর রাতের বেলা অ্যাসিড মারেন ইয়াসমিনের গায়ে। ইয়াসমিন যেদিন মারা যান সেদিন তিন ছেলেমেয়েকে রিকশায় করে ইয়াসমিনের বাড়ি পাঠিয়ে দেন। তারপর থেকে তিনি পলাতক। তাঁর মুঠোফোনও বন্ধ।
ইয়াসমিনের মা জায়েদা বেগম প্রথম আলোকে বলেন, ‘আমরা গরিব মানুষ। কার কাছে বিচার চামু? আমার মাইয়ারে অ্যাসিড দিয়া জ্বালাই দিছে। আমি ওর অবস্থা দেইখ্যা নিজেই অজ্ঞান হইয়া পড়ি।’
ইয়াসমিনের ছোট বোন আঞ্জুমানও ক্ষোভ প্রকাশ করে জানালেন, ইয়াসমিনকে অনেকবার স্বামীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করতে বলা হয়েছিল। তবে ইয়াসমিন তা শোনেননি।
মানববন্ধনে এসিড সারভাইভারস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সেলিনা আহমেদ বলেন, ফাউন্ডেশন দীর্ঘ ১৬ বছর ধরে সংগ্রাম করছে। এখনো অ্যাসিড সন্ত্রাস চিরতরে বন্ধ করা সম্ভব হয়নি। শুধু ইয়াসমিন নয়, অ্যাসিড সন্ত্রাসের শিকার হওয়া সবার বিচার নিশ্চিত করতে সরকারকে সক্রিয় ভূমিকা রাখতে হবে।