‘আমার মৃত্যুর জন্য রাজু দায়ী’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমার মৃত্যুর জন্য রাজু দায়ী। সবার মতো আমিও বেঁচে থাকতে চেয়েছিলাম। কিন্তু রাজু আমাকে...। আমি যদি তার সঙ্গে প্রেম না করি তাহলে সে আমার মুখে এসিড মারবে, তাই বিষ খাওয়ার পথ খুঁজে নিয়েছি।...তোমরা কেউ রাজুকে ক্ষমা করো না—ইতি রিপা।’ আত্মহত্যার আগে চিরকুটে এ কথাগুলো লিখে গেছে ময়মনসিংহের ভালুকা-ত্রিশাল মৈত্রী কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী রিপা রানী বর্মণ (১৭)। জানা গেছে, ত্রিশাল উপজেলার রায়ের গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী অমূল্য চন্দ্র বর্মণের মেয়ে রিপা গত সোমবার সন্ধ্যায় নিজ বাড়িতে বিষপান করে। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে গত মঙ্গলবার দুপুরে রিপা মৃত্যুর কোলে ঢলে পড়ে। নিজের লেখা চিরকুটে সে তার মৃত্যুর জন্য প্রতিবেশী রাজু চন্দ্র বর্মণকে (২০) দায়ী করেছে।এ ঘটনায় রিপার বড় ভাই উজ্জ্বল চন্দ্র বর্মণ ত্রিশাল থানায় রাজু ও তার পরিবারের ছয় সদস্যকে আসামি করে একটি মামলা করেছেন।রিপার বাবা অমূল্য বর্মণ অভিযোগ করেন, বছরখানেক ধরে রাজু তাঁর মেয়েকে উত্ত্যক্ত করছিলেন। তাঁরা একাধিকবার বিষয়টি রাজুর পরিবারকে জানিয়েছেন। কিন্ত রাজুর বাবা, কাকা উল্টো রিপাকে দোষারোপ করে তাঁদের নানা ভয়ভীতি দেখান। পরিবারের প্রশ্রয় পেয়ে রাজু বেপরোয়া হয়ে রিপাকে আরও বেশি উত্ত্যক্ত করা শুরু করেন। নিরূপায় হয়ে রিপা আত্মহত্যার পথ বেছে নেয়। তিনি রাজু ও তার পরিবারের সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বলেন, মঙ্গলবার রাতে ময়নাতদন্ত শেষে রিপার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। চেষ্টা করেও এ ব্যাপারে রাজু বা তার পরিবারের কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।