
‘আমার চার মেয়ের ভরণপোষণ ও পড়াশোনার দায়িত্ব কে নেবে? কীভাবে সামনের দিনগুলো পার হবে?’ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য নায়েক সুবেদার মিজানুর রহমানের মরদেহ গতকাল সোমবার তাঁর বাড়ি কুমিল্লার দেবীদ্বার উপজেলার ভেলানগর গ্রামে নেওয়ার পর স্ত্রী শামীমা আক্তার বিলাপ করে এ কথাই বলছিলেন৷
গত বুধবার নাইক্ষ্যংছড়ির পাইনছড়ি সীমান্তে নিয়মিত টহল দেওয়ার সময় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) গুলিতে নিহত হন মিজানুর৷ গত শনিবার তাঁর মরদেহ ফেরত দেয় বিজিপি৷ গতকাল ভেলানগর গ্রামে মিজানুরের পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়৷
মিজানুরের মরদেহ ভেলানগর গ্রামে তাঁর বাড়িতে পেঁৗছায় বেলা দেড়টার দিকে৷ মরদেহবাহী কফিন দেখেই কান্নায় ভেঙে পড়েন তাঁর স্বজনেরা৷ স্ত্রী শামীমা আক্তার বিলাপ করছিলেন, ‘এদের (মেয়েদের) ভবিষ্যৎ কী, আমার কী হবে৷’ স্বজনেরা তাঁকে সান্ত্বনা দেওয়ার ব্যর্থ চেষ্টা করেন৷ বাবার মরদেহ দেখে অঝোরে কাঁদছিল মিজানুর-শামীমার চার মেয়ে৷ মিজানুরের মা রাবেয়া আক্তার ছেলের লাশ দেখে কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘৪৩ বছর আগে মিজানের বাবাকে হারিয়েছি। লাশও দেখার সৌভাগ্য হয়নি। ৪৩ বছর পর ছেলেকেও দেশের জন্য হারালাম।’ বাড়িতে ১৫ মিনিট রেখে মরদেহবাহী কফিন নেওয়া হয় ভৈষেরকুট ঈদগাহ মাঠে৷ সেখানে বেলা দুইটায় মিজানুর রহমানের জানাজা হয়। এতে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সাংসদ রাজী মোহাম্মদ ফখরুল, বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, কুমিল্লা জেলা প্রশাসকসহ স্থানীয় লোকজন অংশ নেন৷ পরে তাঁর মরদেহ ভেলানগর পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
এর আগে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থেকে বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে করে মিজানুর রহমানের লাশ বেলা একটায় কুমিল্লার চান্দিনা উপজেলার ছয়ঘড়িয়া মাঠে পেঁৗছায়। বিজিবির উত্তর-পূর্বাঞ্চলীয় আঞ্চলিক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আনিসুর রহমান লাশ গ্রহণ করেন। এ সময় কুমিল্লা জেলা প্রশাসক মো. তোফাজ্জল হোসেন মিয়া, জেলা পুলিশ সুপার টুটুল চক্রবর্তী ও নিহতের চাচা আবুল কাশেমসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে লাশ গ্রামের বাড়ি দেবীদ্বার উপজেলার ভেলানগর গ্রামে নেওয়া হয়।
মিজানুর রহমান ১৯৮৮ সালে চাকরিতে যোগ দেন৷ দুই মাস আগে লালমনিরহাট থেকে বদলি হয়ে বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে যোগদান করেন। তিনি নাইক্ষ্যংছড়ির দোছড়ি ইউনিয়নের পাইনছড়ির বিজিবি ক্যাম্পে কর্মরত ছিলেন। সর্বশেষ গত ১ মে বাড়ি থেকে কর্মস্থলে ফেরেন।