‘আমার মেয়ের মতো অবস্থা যেন আর কারও না হয়’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমার মেয়ের জীবন যেভাবে নষ্ট করা হয়েছে, আমি তার উপযুক্ত বিচার চাই। আমার মেয়ের মতো অবস্থা যেন আর কারও বরণ করতে না হয়।’কথাগুলো বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাটের অগ্নিদগ্ধ গৃহবধূ হালিমার মা রোকেয়া সেলিম।হালিমা ইয়াছমিনের ওপর নৃশংসতার প্রতিবাদ এবং আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল বৃহস্পতিবার নোয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে হালিমার মা এভাবেই আকুতি জানান। জাতীয় মহিলা আইনজীবী সমিতির প্রতিনিধি সোহেল রেজা ও কল্পনা রানী এ সময় উপস্থিত ছিলেন।লিখিত বক্তব্যে রোকেয়া সেলিম অভিযোগ করেন, হালিমাকে আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টার ঘটনায় শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় গত ১৮ জুন মামলা করলেও পুলিশ আজ পর্যন্ত আসামিদের গ্রেপ্তারে ব্যর্থ হয়েছে। অথচ আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। আসামিরা ফোনে মামলা প্রত্যাহারের হুমকি দিচ্ছেন।উল্লেখ্য, ২০০৭ সালের ২৫ জুলাই চট্টগ্রামের খুলশী এলাকার সেলিম রেজার মেয়ে হালিমা ইয়াছমিনের সঙ্গে নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাটের আবদুল মালেকের ছেলে হারুন-অর-রশিদের বিয়ে হয়। হালিমার পরিবারের অভিযোগ, বিয়ের পর শ্বশুরবাড়ির লোকজন ২০ লাখ টাকা যৌতুক দাবি করে। যৌতুক হিসেবে ১০ লাখ টাকা দেওয়া হয়। এর পরও হালিমাকে বিভিন্ন সময় নির্যাতন করে তারা।সর্বশেষ, গত ২ জুন স্বামী, শাশুড়ি ও শ্বশুর হালিমার শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে তাঁকে হত্যার চেষ্টা করেন। আগুনে তাঁর শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। বর্তমানে তিনি ঢাকায় চিকিৎসাধীন।তবে শ্বশুর আবদুল মালেক মুঠোফোনে প্রথম আলোকে বলেন, হালিমা নিজেই শরীরে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ফজলুল কাদের পাটোয়ারী বলেন, আসামিরা পলাতক। তাঁদের গ্রেপ্তারে বেশ কয়েকবার অভিযান চালানো হয়েছে।