
‘হত্যাকাণ্ডের এক বছর হয়ে গেলেও দৃশ্যত কোনো অগ্রগতি দেখতে পাইনি। এই এক বছর আমার কাছে শুধু ৩৬৫ দিন নয়, কারণ আমার যা ছিল সব বাবাই। আমি তো আশা করবই বিচারটা দেখব। এক বছরে অগ্রগতি নিয়ে আমি অত্যন্ত হতাশ।’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ কে এম শফিউল ইসলামের হত্যাকাণ্ডের এক বছর পূর্ণ হলো আজ রোববার। কিন্তু এখনো বাবার হত্যাকাণ্ডের বিচারের অগ্রগতি না দেখে এভাবেই হতাশার কথা জানান একমাত্র ছেলে সৌমিন শাহরিদ।
অধ্যাপক শফিউল হত্যার বিচারের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সকাল সাড়ে ১০টায় ক্যাম্পাসে প্রতিবাদ র্যালি বের করে। সিনেট ভবন চত্বর থেকে র্যালিটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও সিনেট ভবনে এসে শেষ হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-
শিক্ষার্থীদের পাশাপাশি উপস্থিত ছিলেন সৌমিন শাহরিদ।
অধ্যাপক শফিউল গত বছরের ১৫ নভেম্বর দুপুরে ক্যাম্পাস থেকে ফেরার পথে বিশ্ববিদ্যালয়-সংলগ্ন চৌদ্দপাই এলাকায় নিজ বাসার সামনে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পাঁচ ঘণ্টার মাথায় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ‘আনসার আল ইসলাম বাংলাদেশ-২’ নামের একটি পেজ খুলে এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে স্ট্যাটাস দেওয়া হয়। এদিকে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মতিহার থানায় মামলা করা হয়।
আজকের সমাবেশে সমাজবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ওয়ারদাতুল আকমাম বলেন, ‘এক বছরেও হত্যাকাণ্ডে অভিযোগপত্র দেওয়া হয়নি। এত দিনেও এ হত্যাকাণ্ডের বিচারে অগ্রগতি না হওয়া হতাশার। আমরা আশা করতে চাই, শিশু রাজন-রাকিব হত্যা মামলার মতো দ্রুততম সময়ে আমরা ন্যায়বিচার পাব।’
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আনন্দ কুমার সাহা বলেন, এ দেশের মানুষ যেমন বিশ্বাস করে আইন তার নিজস্ব গতিতে চলবে, আমরাও তেমনি বিশ্বাস করেছিলাম আইন তার নিজস্ব গতিতে চলবে। আমরা আশা করেছিলাম দ্রুতই হত্যাকাণ্ডের অভিযোগপত্র জমা পড়বে এবং যারা নৃশংসভাবে শফিউল ইসলামকে হত্যা করেছিল তাদের বিচার হবে। অভিযোগপত্র এক বছরেও দেওয়া হয়নি
কিন্তু এত দিনেও তা হয়নি।’ তিনি আরও বলেন, যদি অল্পদিনের মধ্যে বিচারকার্য শুরু না হয়, তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে আন্দোলন করতে বাধ্য হবে। যদি দ্রুত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হয়, তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হত্যার তালিকা আরও বৃদ্ধি পেতে থাকবে; যা কারও কাম্য নয়।
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রেজাউল করিম বলেন, ‘আমাদের রাষ্ট্র, আইনশৃঙ্খলা বাহিনী চাইলেই যে দ্রুততম সময়ে যেকোনো হত্যাকাণ্ডের বিচার করতে পারে, শিশু রাজন-রাকিব হত্যাকাণ্ডের রায় তার প্রমাণ। আমরা এ হত্যাকাণ্ডের দ্রুত বিচার চাই।’
সমাবেশ শেষে অধ্যাপক শফিউলের ছেলে সৌমিন শাহরিদ প্রথম আলোকে বলেন, ‘আমি এখনো আশা করি দ্রুত বাবার হত্যার বিচার পাব। কিন্তু কোনো অগ্রগতি না থাকায় আমি হতাশ হচ্ছি।’
পুলিশ সূত্রে জানা গেছে, হামলার ঘটনার পর ক্যাম্পাসের আশপাশের এলাকা থেকে ১১ জনকে আটক করে রিমান্ডে নেয় পুলিশ। অপরদিকে রাজশাহী ও ঢাকায় অভিযান চালিয়ে ২৩ নভেম্বর আরও ছয়জনকে আটক করে র্যাব। তাঁরা খুনের সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন বলে ঢাকায় সংবাদ সম্মেলনে দাবি করে র্যাব। র্যাবের পক্ষ থেকে তখন বলা হয়, গ্রেপ্তার করা ছয়জনের মধ্যে মূল পরিকল্পনাকারী আবদুস সামাদ পিন্টু রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সভাপতি। পিন্টুর স্ত্রী নাসরিন আখতার বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের কর্মকর্তা। তাঁর সঙ্গে শফিউল ‘অসৌজন্যমূলক আচরণ’ করেন। এর জেরে তাঁকে খুন করা হয়।
র্যাবের পক্ষ থেকে দেওয়া এমন বক্তব্যের বিষয়ে জানতে চাইলে সৌমিন বলেন, ‘আমি মনে করি না এমন তুচ্ছ কারণে এ ধরনের নৃশংস হত্যাকাণ্ড ঘটতে পারে। হত্যাকারী হিসেবে যাদের বলা হচ্ছে, তাদের পেছনে কারা আছে, কারা এতে মদত দিয়েছে তদন্তের মাধ্যমে তাদের বের করতে হবে; যা নিয়ে কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না।’