'আমার শহীদ ভাইয়ের রক্ত বৃথা যায়নি'
সুপ্রিম কোর্টের আপিল বিভাগ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখায় আজ সোমবার তাঁর জেলা শেরপুরের শহীদ পরিবারের সদস্য ও বিভিন্ন মহলের পক্ষ থেকে রায়ে সন্তোষ প্রকাশ করা হয়েছে।
রায় ঘোষণার পর শহরে পৃথকভাবে মিছিল বের করে শেরপুর জেলা আওয়ামী লীগ ও জেলা জাসদ। মিছিল থেকে যত দ্রুত সম্ভব রায় কার্যকর করার দাবি জানানো হয়। পরে শহরের চকবাজারে জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে উপস্থিত জনতার মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।
রায় ঘোষণার পর স্বাধীনতাযুদ্ধে শহীদ গোলাম মোস্তফা তালুকদারের ছোট ভাই মোশাররফ হোসেন তালুকদার আবেগাপ্লুত কণ্ঠে প্রথম আলোকে বলেন, ‘একাত্তরে কামারুজ্জামানের নেতৃত্বে আলবদররা আমার বড় ভাই গোলাম মোস্তফাকে হত্যা করে। স্বাধীনতার ৪৩ বছর পর কুখ্যাত এই যুদ্ধাপরাধীর ফাঁসির দণ্ড বহাল থাকায় মনে হচ্ছে, আমার শহীদ ভাইয়ের রক্ত বৃথা যায়নি। এই রায়ের মাধ্যমে জাতি কলঙ্কমুক্ত হওয়ার আন্দোলনে আরও এক ধাপ এগিয়ে গেল। এ রায়ে নতুন প্রজন্ম প্রেরণা পাবে। এ রায় যখন কার্যকর হবে, তখন আমার প্রয়াত বাবা-মার বিদেহী আত্মা শান্তি পাবে।’
কামারুজ্জামানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী মুক্তিযুদ্ধকালে আলবদর বাহিনীর সদস্য মো. মনোয়ার হোসেন খান ওরফে মোহন মুন্সী (৬৬) প্রথম আলোকে বলেন, ‘১৯৭১ সালে আমি বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে শেরপুর কলেজে প্রশিক্ষণ নিয়ে মহান মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু কামারুজ্জামান আমাকে ধরে নিয়ে জোর করে নয়ানি বাজারের সুরেন সাহার বাসার নির্যাতন সেলের পাহারাদার বানিয়ে রাখেন। নির্যাতন সেলে কামারুজ্জামান নারী নির্যাতন থেকে শুরু করে যত ধরনের খারাপ কাজ করেছেন, তার সবকিছুই আমি দেখেছি। কামারুজ্জামানের নির্দেশে গোলাম মোস্তফা, কাজল ও সুশীলকে হত্যা করা হয়। হত্যার আগে সুশীলকে হিন্দু থেকে মুসলমান বানানো হয়। কামারুজ্জামানের ফাঁসির আদেশ বহাল থাকায় আমি খুশি।’
রায়ে সন্তোষ প্রকাশ করে শেরপুরের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দ আবদুল হান্নানের স্ত্রী সৈয়দা সালেহা বেগম (৬৮) জানান, ১৯৭১ সালের মে মাসে কামারুজ্জামানের হাতে তাঁর স্বামী চরমভাবে লাঞ্ছিত হয়েছেন। স্বামী তিন মাস সেনা ক্যাম্পে বন্দী ছিলেন।
শেরপুর জেলা সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি মো. আমজাদ হোসেন বলেন, ‘২০০৮ সালের ১২ নভেম্বর সেক্টর কমান্ডারস ফোরামের এক আনুষ্ঠানিক সমাবেশে কামারুজ্জামানকে শেরপুর জেলার অন্যতম শীর্ষ যুদ্ধাপরাধী হিসেবে ঘোষণা এবং তাঁর বিচার দাবি করা হয়। সর্বোচ্চ আদালতের আজকের রায়ে জেলার সব মানুষ খুশি। কামারুজ্জামানের ফাঁসির দণ্ড বহাল থাকায় শেরপুর আজ কলঙ্কমুক্ত হলো।’