‘আমার সংসারের ভার তাগে নিতি হবে’
‘তোমরা আমার বাবার মুখের কাপড়টা খুলে দেও। আমি শেষ দেহাটা এট্টু দেহি।’ বাবা বদর আলী বেগের লাশ দেখার জন্য গত রোববার সন্ধ্যায় এভাবে আহাজারি করছিলেন আশা খাতুন। হরতালের আগের দিন গত শনিবার দুপুরে ঢাকায় বাসে অগ্নিসংযোগের ঘটনায় পুড়ে মারা যান বদর আলী। রোববার সন্ধ্যায় বদর আলীর লাশ খুলনার ফুলতলা উপজেলার দামোদর গ্রামের নিজ বাড়িতে নেওয়া হয়। আশার আশা পূরণ হয়নি। কারণ, বদর আলীর লাশের সঙ্গে ঢাকা থেকে আসা একজন বলেন, ‘পুড়ে যাওয়ায় মুখ বলে কিছু নেই, তাই কাপড় খোলা যাবে না।’ এ সময় বদর আলীর একমাত্র ছেলে শামিম ‘বাবা বাবা’ বলে চিৎকার করে চেতনা হারান। বদরের স্ত্রী হাওয়া বেগম যেন শোকে পাথর হয়ে গেছেন। দশম শ্রেণীর ছাত্রী ছোট মেয়ে আইরিন আকতারও প্রায় নির্বাক।বদরের মৃতদেহ বাড়িতে পৌঁছানোর পর তাঁকে শেষবারের মতো দেখতে বাড়িতে মানুষের ঢল নামে। রাত পৌনে নয়টার দিকে জানাজা শেষে বদর আলীর লাশ ফুলতলা উপজেলা কবরস্থানে দাফন করা হয়।সংসারের উপার্জনক্ষম একমাত্র ব্যক্তির মৃত্যুতে দিশেহারা হাওয়া বেগম। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমার স্বামীর উপার্জনে মায়েগে পড়ার খরচ এবং ছেলের ও আমার ওষুধির খরচ ঠিকমতো চলত না। তাই আমরা এ পর্যন্ত ফুলতলার আশা সমিতিত্তে ২৮ হাজার, আরআরএফ সমিতিত্তে ১৭ হাজার ও ব্র্যাক সমিতিত্তে ১৪ হাজার টাহা ঋণ নিছি। প্রতি সপ্তাহে আমার স্বামী দুডো করে টিপ দিয়ে দুই হাজার টাহা আনত। সেই টাহাত্তে সপ্তাহে মোট ১৬ শ টাহা কিস্তি দিতাম। আর বাকি চার শ টাহায় এ-ও কিনতাম। এখন আমার কী হবে?’হাওয়া বেগম বলেন, ‘আমার স্বামী কোনো দলের লোক না। আজ হাসিনা-খালেদার জন্নি আমার নিরীহ স্বামী মরেছে। এখন মেয়েদের লেখাপড়াসহ আমার সংসারের ভার তাগে দুইজনেরে নিতি হবে।’ খুলনা-৫ আসনের সাংসদ নারায়ণ চন্দ্র চন্দ বলেন, ‘বদরের সংসারের দুরবস্থা দেখে আমি ব্যক্তিগত তহবিল থেকে ২০ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছি।’