‘আমার সব শেষ হইয়া গেছে’
‘আমার সব শেষ হইয়া গেছে। কারা আমার এমন সর্বনাশ করল? এহন আমি কী কইরা খামু, ক্যামনে বাঁচমু? কেডা আমারে আবার ঘর তুইল্যা দিব?’ দুর্বত্তরা আগুন দিয়ে ঘর পুড়িয়ে দেওয়ার পর এভাবেই বিলাপ করছিলেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার ভোলাচং গ্রামের মাছ বিক্রেতা অমর দাস (৬৫)।গতকাল মঙ্গলবার সকালে ঘটনাস্থলে গেলে কান্নারত অমর দাস জানান, কিছুদিন আগে পাশের রায়পুরা উপজেলায় তাঁর একমাত্র পালিত মেয়ের বাড়িতে অসুস্থ স্ত্রীকে নিয়ে বেড়াতে গিয়েছিলেন। কিন্তু সোমবার মধ্যরাতে কে বা কারা তাঁর বাড়িটি আগুন দিয়ে সম্পূর্ণ পুড়িয়ে দিয়েছে। খবর পেয়ে অসুস্থ স্ত্রীকে ফেলে তিনি মঙ্গলবার (গতকাল) ভোরে বাড়িতে ছুটে আসেন। কারা তার সর্বনাশ করেছে, তিনি এ বিষয়ে কিছুই বলতে পারেননি। তিনি জানান, ঘরে অন্যান্য মালামালের সঙ্গে তাঁর মূল্যবান তিনটি জাল ছিল। এই জাল দিয়ে মাছ ধরে তাঁর সংসার চলত। আগুনে সব ভসঞ্চীভূত হওয়ায়, তিনি এখন নিঃস্ব হয়ে গেছেন। ইউনিয়ন পরিষদের স্থানীয় সদস্য কামাল উদ্দিন বলেন, ‘অমর দাস নিঃসন্তান ও খুবই দরিদ্র। কারা তার বাড়িটি এভাবে পুড়িয়ে দিল, তার সঠিক তদন্ত হওয়া দরকার।’ নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু জাফর প্রথম আলোকে বলেন, বিষয়টি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।