হাওর আর পাহাড়। সিলেটের প্রকৃতিকে দিয়েছে ভিন্নতা। কোনটার চেয়ে কোনটা বেশি ভালো? হাওর না পাহাড়? এ নিয়ে কোনো প্রশ্ন বা তর্ক চলে না। তবু ‘বাগ্মি সাস্ট’ হওয়ার প্রতিযোগিতায় পাল্টাপাল্টি যুক্তিতর্কে মেতেছিল ‘হাওর দল’ ও ‘পাহাড় দল’ নামে দুটো দল। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুরু হওয়া তিন দিনব্যাপী আদিবাসী সম্মেলনের (কনভেনশন ২০১২) দ্বিতীয় দিন গতকাল শুক্রবার সকালের অধিবেশন ছিল প্রকৃতি নিয়ে বিতর্ক। পাশাপাশি ছিল প্রকৃতির চিত্রকর্ম প্রদর্শনী। শুরুতে স্বাগত বক্তব্য দেন আদিবাসী সম্মেলনের সদস্য সচিব মোঃ জহিরুল হক।সকাল ১০টায় ক্যাম্পাসের মুক্তমঞ্চে শুরু হয় ‘আমার সিলেট রূপের বাহার/ আছে হাওর আছে পাহাড়’ শীর্ষক বিতর্ক অনুষ্ঠান। বিতর্কে হাওর-পাহাড় প্রাকৃতিক বৈশিষ্ট্যের দিক দিয়ে সিলেটকে অনন্য করে তোলার ক্ষেত্রে দুই পক্ষই একমত ছিল। তবে প্রতিযোগিতার জন্য তাদের তর্ক—‘না পাহাড়ের চেয়ে হাওর ভালো! হাওরের মাছ মৎস্য ভান্ডারকে পূর্ণ করেছে। হাওরে ফলন করা ধান কৃষিপ্রধান দেশ হিসেবে অর্থনীতিকে করেছে সমৃদ্ধ।’ হাওর দলের এ যুক্তির বিপরীতে বিপক্ষে পাহাড় দলের পাল্টা যুক্তি—‘পাহাড়-টিলা প্রকৃতির রক্ষাকবচ। পাহাড় না থাকলে ভূমিকম্পে প্রকৃতি হয়ে পড়বে নড়বড়ে। আর প্রকৃতি না টিকলে তো হাওরই থাকবে না!’প্রাণবন্ত এ বিতর্কে ‘হাওর দলে’ অংশ নেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী তাসনিম আক্তার, পরিসংখ্যান বিভাগের ফারিয়া রাব্বি, স্থাপত্যবিদ্যা বিভাগের তৃষার ঘোষ। অন্যদিকে ‘পাহাড় দলে’ পরিসংখ্যানের শাফায়েত শাহরিয়ার, বাংলা বিভাগের লাকি বেগম, ইলেকট্রনিকস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এ এস শাকুর। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ইলিয়াসউদ্দিন বিশ্বাসের সঞ্চালনায় বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হল-প্রাধ্যক্ষ নাজিয়া চৌধুরী ও বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক শাহজাহান মৃধা। দুই পক্ষে বিতর্কের পাশাপাশি ক্যাম্পাসে প্রদর্শন করা হয় প্রকৃতির চিত্রকর্ম। এক ঘণ্টার বিতর্ক শেষে সঞ্চালকসহ বিচারকেরা দুই পক্ষের বিতর্ককে ‘তর্কের খাতিরে তর্ক’ বলে অভিহিত করেন। তাঁরা বলেন, ‘পক্ষে ও বিপক্ষে কোনো কথাই ফেলার নয়। আমাদের হাওরও দরকার, পাহাড়ও দরকার। এ বিবেচনায় দুই পক্ষই বিজয়ী!’ দুই পক্ষের মধ্য থেকে সেরা বক্তা ইলেকট্রনিকস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের প্রথম সেমিস্টারের শিক্ষার্থী এ এস শাকুরকে আদিবাসী সম্মেলনের ‘বাগ্মি সাস্ট’ ঘোষণা করা হয়।বিকেলে ক্যাম্পাসের মুক্তমঞ্চে আদিবাসী সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় দ্বিতীয় দিনের অনুষ্ঠানমালা।আজ ‘সিলেট ঘোষণা’তিন দিনের সম্মেলনের শেষ দিন আজ শনিবার দিনব্যাপী বিষয়ভিত্তিক সেমিনার অনুষ্ঠিত হবে। আদিবাসী জনগোষ্ঠীর সম্প্রদায়ভিত্তিক সমস্যা এবং পরিবেশ রক্ষায় প্রাকৃতিক সমস্যা চিহ্নিত করতে সকাল সাড়ে নয়টা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত এক নাগাড়ে সেমিনার চলবে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে রাত সাড়ে সাতটায় সমাপনী অনুষ্ঠানে ‘সিলেট ঘোষণা’র মধ্য দিয়ে শেষ হবে সম্মেলন। আজকের বিভিন্ন সেমিনারে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান, সাবেক উপদেষ্টা আকবর আলি খান, সাবেক উপদেষ্টা সুলতানা কামাল, লেখক-শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবালসহ আদিবাসী নেতা ও সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজারের বর্তমান ও সাবেক সাংসদেরা অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।