'আমার স্ত্রী, ছেলেমেয়েদের কী হবে?'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবরোধে নাশকতা: বিরোধী জোটের উপর্যুপরি হরতাল-অবরোধ কর্মসূচির সময় যানবাহনে দেওয়া আগুনে একের পর এক ঝলসে যাচ্ছে যাত্রী ও চালকদের শরীর। এঁদের বেশির ভাগ খেটে খাওয়া মানুষ। মারা যাচ্ছেন তাঁদের কেউ কেউ। আর অন্যরা দগ্ধ দেহ নিয়ে যন্ত্রণায় ছটফট করছেন হাসপাতালে

চট্টগ্রামের সীতাকুণ্ডে রোববার রাতে পিকেটারদের দেওয়া আগুনে ঝলসে যায় ট্রাকচালক ইয়াছিনের মুখ। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল সকালে কাঁদতে কাঁদতে পরম মমতায় ছেলের সেবা করছেন ইয়াছিনের মা ষ ছবি: প্রথম আলো
চট্টগ্রামের সীতাকুণ্ডে রোববার রাতে পিকেটারদের দেওয়া আগুনে ঝলসে যায় ট্রাকচালক ইয়াছিনের মুখ। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল সকালে কাঁদতে কাঁদতে পরম মমতায় ছেলের সেবা করছেন ইয়াছিনের মা ষ ছবি: প্রথম আলো

‘অসুস্থ থাকায় দুই মাস ঘরে বসে ছিলাম। ধার করে সংসার চালিয়েছি। পেটের দায়েই গাড়ি নিয়ে বের হয়েছিলাম। ঢাকা থেকে ডিম নিয়ে ফেরার পথে গত রোববার দিবাগত রাতে সীতাকুণ্ডের বটতল এলাকায় অবরোধকারীরা পেট্রল ঢেলে আমার গায়ে আগুন ধরিয়ে দেয়। সঙ্গে থাকা ৩৮ হাজার টাকাও ছিনিয়ে নেয়। টাকা দিতে দেরি হওয়ায় আমার ডান হাত ভেঙে দেয়। আমার স্ত্রী আর ছেলেমেয়েদের এখন কী হবে? ’
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের শয্যায় শুয়ে গতকাল সোমবার সকালে কথাগুলো বলছিলেন ট্রাকচালক ইয়াছিন (৩৫)।
শুধু ইয়াছিন নন, অবরোধকারীদের ছুড়ে মারা পেট্রলবোমা ও ককটেলের আঘাতে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সিএনজি অটোরিকশাচালক আবদুল আজিজ ও রিকশাচালক আবুল বাশার (৫৫)।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের চিকিৎসক মিসমা ইসলাম বলেন, অবরোধকারীদের ছুড়ে মারা বোমার আঘাতে দগ্ধ হওয়া ইয়াছিনের শরীরের ১১ ভাগ, সিএনজিচালক আবদুল আজিজের ৩৫ ভাগ অংশ পুড়ে গেছে। তাদের শ্বাসনালিতেও সমস্যা হয়েছে। এক মাস তাদের হাসপাতালে চিকিৎসা নিতে হবে।
বার্ন ইউনিটে দেখা গেছে, মুখ থেকে পেট পর্যন্ত পুড়েছে সিএনজি অটোরিকশাচালক আবদুল আজিজের। সঙ্গে দুই হাতও। গত রোববার রাতে হাটহাজারী সদর থেকে নিজের মালিকানাধীন সিএনজি নিয়ে নাঙ্গলমোড়া গ্রামের বাড়িতে ফিরছিলেন তিনি। হাটহাজারীর মুহুরীহাট এলাকায় গাড়িতে পেট্রলবোমা ছুড়ে মারে অবরোধকারীরা।

চট্টগ্রামে গতকাল ককটেল বিস্ফোরণে আহত শিশু সুমাইয়া আকতার
চট্টগ্রামে গতকাল ককটেল বিস্ফোরণে আহত শিশু সুমাইয়া আকতার


পেটের দায়ে রিকশা নিয়ে বের হয়েছিলেন পঞ্চাশোর্ধ আবুল বাশার। ঘরে চার ছেলেমেয়ে। গতকাল নগরের ইস্পাহানী ১ নম্বর গেট এলাকায় অবরোধকারীরা ককটেল ছুড়ে মারলে পায়ে গুরুতর আঘাত পান আবুল বাশার।
ককটেলে আহত শিশু শিক্ষার্থী: নার্সারি শ্রেণীর শিশু সুমাইয়া আকতার ওরফে সাদিয়া (৫) হাসিখুশি মনে পরীক্ষা দিতে যাচ্ছিল গতকাল সকালে। অবরোধের কারণে সঙ্গে থাকা মা জেসমিন আক্তার শঙ্কায় ছিলেন সারাক্ষণ। মায়ের সেই আশঙ্কাই সত্যি হলো। মায়ের সামনেই চট্টগ্রাম নগরের আকবর শাহ এলাকায় অবরোধকারীদের ছোড়া ককটেলের প্লিন্টারে আহত হয় সুমাইয়া।
চমেক হাসপাতালের শিশু সার্জারি বিভাগের অধ্যাপক তাহমিনা বানু বলেন, ‘শিশুটির মাথার সামনের অংশে স্প্লিন্টার লেগেছিল। আমরা ওয়াস করে দিয়েছি। ভয়ের কিছু নেই।’