রাজধানীর উত্তরা পশ্চিম থানার সাততলার ছাদ থেকে পড়ে সাংবাদিক শাহ আলম নিহত হওয়ার ঘটনাকে ‘হত্যাকাণ্ড’ হিসেবে দাবি করছেন তাঁর স্ত্রী সোমা আক্তার। তিনি জানান, থানার ভেতরে পেটানো হয়েছে তাঁর স্বামীকে। এরপর ছাদে নিয়ে ফেলে দেওয়া হয়েছে। সোমার অভিযোগ তাঁকে থানায় ঢুকতে দেওয়া হয়নি।
সাপ্তাহিক অপরাধ দমন পত্রিকার সাংবাদিক শাহ আলমের মৃত্যুর ঘটনাকে পুলিশ অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছে বলে জানান নিহতের স্ত্রী সোমা আক্তার। প্রথম আলোকে তিনি বলেন, ‘আমার স্বামী পাগল নন, তিনি থানার ছাদ থেকে লাফ দেবেন কেন? যতটা জেনেছি, তাঁকে থানার ভেতরে পেটানো হয়েছে। এরপর থানা ভবনের ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে। কিন্তু পুলিশ আমাকে নানাভাবে বোঝাচ্ছে যে শাহ আলম ছাদ থেকে পড়ে গেছেন।’
সোমা আক্তারের ভাই সাইফুল ইসলাম মুুঠোফোনে জানান, শাহ আলমের মুখ থেঁতলে দেওয়া হয়েছে। হাতে দড়ি দিয়ে বেঁধে ফেলার দাগ ছিল। এ ছাড়া পা দুটো পিটিয়ে ভেঙে ফেলা হয়েছে।
একই অভিযোগ করে উত্তরা এলাকার বিভিন্ন পত্রিকার কয়েকজন সাংবাদিক জানান, গত রোববার সন্ধ্যায় উত্তরা পশ্চিম থানার অপারেশন অফিসার উপপরিদর্শক (এসআই) মো. মামুনুর রহমান শাহ আলমকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন। আজ সোমবার দুপুরে উত্তরার আজমপুর বাসস্ট্যান্ডে এক মানববন্ধনে এই দাবি করা হয়।
তবে অভিযোগ অস্বীকার করেছেন এসআই মামুনুর রহমান। দুপুরে থানা ভবনে প্রথম আলোকে তিনি বলেন, ‘বিন্দুমাত্র এ ঘটনায় আমার কোনো সংশ্লিষ্টতা নেই। শাহ আলম ছাদ থেকে পড়ে যাওয়ার খবর পেয়ে আমি থানা ভবনের বাইরে এসে দেখি সাংবাদিকরা নজরুলকে ধরেছেন।’
এ ঘটনায় উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক হারুন অর রশিদ বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। স্থানীয় কাঠমিস্ত্রি নজরুল ইসলাম, উত্তরার ট্রাস্ট কলেজের অধ্যক্ষ বশির আহমেদ ভূঁইয়া এবং বশির আহমেদের দুই সহযোগী জাহিদুল ইসলাম ও আনিছুর রহমানকে আসামি করা হয়েছে। এই চারজনকে গ্রেপ্তার করে আজ সকালে আদালতে পাঠানো হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, উত্তরা ১৩ নম্বর সেক্টরে ট্রাস্ট কলেজের কাজ করায় অধ্যক্ষ বশিরের কাছে কয়েক লাখ টাকা পাওনা ছিল কাঠমিস্ত্রি নজরুল ইসলামের। দীর্ঘ দিন ধরে এই টাকা দিচ্ছিলেন না বশির। এ ছাড়া নজরুল তাঁর প্রথম স্ত্রীর দেড় ভরি গয়না ও ৫১ হাজার টাকা বশিরের কাছে রাখেন। কিন্তু বশির আগের পাওনা শোধ করেননি। এরপর নজরুল স্ত্র্রীর গয়না ও টাকা চাইলে বশির সেগুলো ফেরত দেননি। এসব ঘটনা নিয়ে নজরুলের সহায়তায় পত্রিকায় বশিরের বিরুদ্ধে প্রতিবেদন লেখেন শাহ আলম।
এজাহারে আরও বলা হয়, এ ছাড়া বশিরের বিরুদ্ধে গত ২৩ ফেব্রুয়ারি ১ হাজার ২০০ টাকার বিনিময়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করতে নজরুলকে সাহায্য করেন শাহ আলম। পরদিন ২৪ ফেব্রুয়ারি স্থানীয় সাংবাদিক মোখলেছুর রহমানসহ কয়েকজন সাংবাদিককে দিয়ে বশিরকে চাপ দিয়ে গয়না ফেরত নেন নজরুল। গয়নাগুলো ১০ হাজার টাকায় বন্ধক রাখেন মোখলেছুর। খরচ বাবদ ছয় হাজার টাকা রেখে চার হাজার টাকা নজরুলকে ফেরত দেন মোখলেছুর। পরে স্ত্রীর ৫১ হাজার টাকা ফেরত পাননি বলে আবারো উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক ও জিডির তদন্ত কর্মকর্তা মো. সোলায়মানের কাছে অভিযোগ করেন নজরুল। এর সমাধানে রোববার সন্ধ্যায় থানায় আসেন নজরুল, বশির, শাহ আলম। থানা গেটে শাহ আলমকে মারধর করেন বশির ও তাঁর সহযোগীরা। এ সময় খবর পেয়ে নজরুলের স্ত্রী মর্জিনা থানায় আসেন। টের পেয়ে থানার সাততলায় ছাদ বেয়ে পালানোর সময় নিচে পড়ে মারা যান শাহ আলম।
মামলার এজাহারে উল্লেখ করা গয়না বন্ধক দিয়ে টাকা রাখার অভিযোগকে ‘মিথ্যা’ বলে মন্তব্য করেছেন মোখলেছুর রহমান।