'আমার স্বামীকে নিঃশর্ত মুক্তি দিন'

‘প্রধানমন্ত্রীকে অনুরোধ আমার স্বামীকে অনতিবিলম্বে মুক্তি দিন। সে কোনো অন্যায় করেনি। মিথ্যে মামলা দিয়ে তাকে ফাঁসানো হচ্ছে। আমরা খুবই অসহায় অবস্থায় আছি।’ কথাগুলো বলতে গিয়ে কেঁদে ফেলেন নারায়ণগঞ্জের স্কুলশিক্ষক শ্যামল কান্তি ভক্তের স্ত্রী সবিতা হালদার।
শ্যামল কান্তি ভক্তের বিরুদ্ধে মামলা এবং গ্রেপ্তারের প্রতিবাদে আজ শুক্রবার সকালে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে তিনটি হিন্দু সংগঠন। বাংলাদেশ হিন্দু জাতীয় মহাজোটের এক অংশের প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে অংশ নেন সবিতা হালদার। সে সময় তিনি স্বামীর বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও তাঁর নিঃশর্ত মুক্তির দাবি জানান।
বাংলাদেশ হিন্দু জাতীয় মহাজোটের অপর অংশের সমাবেশে নেতারা বলেন, শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে মিথ্যা অভিযোগে কান ধরে ওঠবস করানো হয়। এখন আবার তাঁকে ঘুষ গ্রহণের মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এতে দেশের সাধারণ মানুষ শুধু লজ্জিত নয়, আতঙ্কগ্রস্তও।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশে একের পর এক হিন্দুদের বাড়িঘর ভাঙচুর, জমি দখল, মঠ-মন্দির ভাঙচুর, নানা অজুহাতে নির্যাতন, নিপীড়ন করা হচ্ছে। অতিষ্ঠ হয়ে হিন্দুরা নীরবে দেশত্যাগ করছেন। এ অবস্থা চলতে থাকলে অচিরেই এই দেশ হিন্দুশূন্য হবে।
মানববন্ধন থেকে আগামী তিন দিনের মধ্যে শ্যামল কান্তি ভক্তের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করার দাবি জানানো হয়। তাঁকে নিঃশর্ত মুক্তি দেওয়া না হলে হিন্দু মহাজোট দেশব্যাপী গণ-আন্দোলন গড়ে তুলবে বলে জানানো হয়। এতে বক্তব্য দেন জোটের একাংশের সভাপতি প্রভাস চন্দ্র রায়, নির্বাহী সভাপতি সুকৃতী কুমার মণ্ডল প্রমুখ।
একই দাবিতে প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদ মানববন্ধন করেছে।
শ্যামল কান্তি ভক্ত নারায়ণগঞ্জের পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ২০১৬ সালের মে মাসে ধর্মীয় অবমাননার অভিযোগ এনে স্থানীয় সাংসদ সেলিম ওসমানের নির্দেশে তাঁকে কান ধরে ওঠবস করানো হয়। এ নিয়ে দেশব্যাপী নিন্দার ঝড় ওঠে। এই ঘটনার দুই মাস পর ওই বছরের জুলাই মাসে ঘুষ গ্রহণের অভিযোগে মামলা করা হয় শ্যামল কান্তি ভক্তের বিরুদ্ধে। মামলায় অভিযোগ করা হয়, ২০১৪ সালের ২৪ ডিসেম্বর শ্যামল কান্তি ভক্ত ইংরেজি শিক্ষক মোর্শেদা বেগমের চাকরি এমপিওভুক্ত করে দেওয়ার জন্য তাঁর কাছ থেকে ১ লাখ ৩৫ হাজার টাকা ঘুষ নেন। এ মামলায় ২৪ মে তাঁকে কারাগারে পাঠানো হয়।